ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

পিএসএল

রিশাদ-মোস্তাফিজরা ফিরলেন, রানা-শরিফুল থাকছেন আরও একদিন

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০২:৫৭ পিএম, ১২ এপ্রিল ২০২৬

 

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলা বাংলাদেশের দুই পেসার শরিফুল ইসলাম ও নাহিদ রানার জন্য দেওয়া অনাপত্তিপত্র (এনওসি) একদিন বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পেশোয়ার জালমি ফ্র্যাঞ্চাইজি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনুরোধে এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এর ফলে পিএসএলের নির্ধারিত ম্যাচ খেলতে আরও একদিন পাকিস্তানে থাকার অনুমতি পেয়েছেন শরিফুল ও রানা।

প্রথম দফায় ১২ এপ্রিল পর্যন্ত রানা ও শরিফুলকে পিএসএল খেলার জন্য অনাপত্তিপত্র দিয়েছিল বিসিবি। তবে আগামীকাল পেশোয়ার জালমির ম্যাচ থাকায় এই দুজনের অনাপত্তিপত্র একদিন বাড়ানো জন্য বিসিবিকে অনুরোধ করে পিসিবি। তাতে সাড়া দিয়েই একদিনের জন্য অনাপত্তি বাড়ানো হয়েছে।

১৪ এপ্রিল দেশে ফিরে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন রানা ও শরিফুল। আগামী ১৭ তারিখ থেকে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ। এরপর আছে টি-টোয়েন্টি সিরিজও। এই দুই সিরিজ খেলার পর প্রয়োজন হলে আবারও পিএসএল খেলতে পাকিস্তান যাবেন রানা-তামিম-শরিফুল-রিশাদরা।

এর আগে ২১ তারিখ পর্যন্ত অনাপত্তিপত্র পত্র থাকলেও চোট লাগে পেয়ে দেশে ফিরেছেন পারভেজ হোসেন ইমন। কাঁধের লিগামেন্টে চোট পেয়েছেন তিনি। তার পিএসএল দলের ফিজিও বিসিবিতে জানিয়েছেন, মাঠে ফিরতে তিন সপ্তাহের মতো সময় লাগতে পারে এই ব্যাটসম্যানের। আজ পরীক্ষা করে দেখবেন বিসিবির ফিজিওরা। এরপরই বোঝা যাবে, নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন কিনা।

রিশাদ হোসেন এবারের আসরে চার ম্যাচে নিয়েছেন মাত্র ২ উইকেট। আর শরিফুল-নাহিদের সঙ্গে পেশোয়ার জালমিতেই ছিলেন তানজিদ হাসান তামিম। তবে দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথমবার গিয়ে কোনো ম্যাচেই সুযোগ হয়নি তার। ইমন কালান্দার্সের হয়ে প্রথম দুই ম্যাচে ১২ ও ১৪ রানে আউট হলেও তৃতীয় ম্যাচে পাঁচ ছক্কায় ১৯ বলে ৪৫ রানের ইনিংস খেলেন পারভেজ। তবে চোট পাওয়ায় আগেভাগেই ফিরতে হলো তাকে।

জালমির হয়ে প্রথম দুই ম্যাচে উইকেট না পেলেও পরের দুই ম্যাচে দুটি উইকেট নিয়েছেন শরিফুল। নাহিদের শুরুটাও ছিল হতাশাজনক। প্রথম ম্যাচে তিন ওভারে রান দিয়েছিলেন ৩০। পরের দুই ম্যাচে আগুনে বোলিংয়ে শিকার করেছেন পাঁচ উইকেট। আর লাহোর কালান্দার্সের হয়ে পাচ ম্যাচ খেলে নিয়েছেন ছয় উইকেট।

এসকেডি/জেআইএম