ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

চোট পেয়েছেন হামজা, দুশ্চিন্তা বাড়লো ভক্তদের

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৯:১৩ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৬

সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ সামনে রেখে বাংলাদেশের ফুটবল ভক্তদের দুঃশ্চিন্তায় ফেলেছে দলের সবচেয়ে বড় তারকা হামজা দেওয়ান চৌধুরীর ইনজুরি। আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের গিয়ে শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ। দর্শক-সমর্থকরা এখন থেকেই হামজার আগমনসহ নানা বিষয়ে আলোচনা শুরু করেছেন। এরই মধ্যে রোববার রাতে ইংল্যান্ড থেকে আসলো দুঃসংবাদ।

ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে শনিবার রাতে হামজার লেস্টার সিটি খেলতে নেমেছিল চার্লটন অ্যাথেলেটিক ফুটবল ক্লাবের বিপক্ষে। ম্যাচটি ২-০ গোলে হেরেছে লেস্টার সিটি। ২৯ মিনিটে হামজা চোট পেয়ে মাঠ ছাড়ার পর তার দল প্রথমার্ধেই দুই গোল হজম করে।

রাতটি লেস্টার সিটির জন্য দুঃস্বপ্নময়ই ছিল। ১৫ মিনিটে ডিফেন্ডার ওকোলি লালকার্ড দেখে মাঠ ছাড়লে লেস্টার সিটি ১০ জনের দলে পরিণত হয়। এরপর রক্ষণের অন্যতম ভরসা হামজা মাঠ ছাড়লে দূর্বল হয়ে যায় লেস্টার সিটি। ৩৬ ও ৪৫ মিনিটে হজম করা গোল দুটি আর শোধ করতে পারেনি হামজার দল।

লেস্টার সিটি হেরেছে, জিতেছে চার্লটন-এ নিয়ে তেমন মাথাব্যথা নেই বাংলাদেশের দর্শকদের। তাদের দুশ্চিন্তা হামজাকে নিয়ে। আগামী ২৬ ফেব্রুয়ারি ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ আছে বাংলাদেশের। এই দুই ম্যাচের আগে হামজার চোট কতটা গুরতর সেই দুশ্চিন্তাই এখন ভক্তদের।

ম্যাচের পর লেস্টার সিটির অন্তর্বর্তীকালীন কোচ অ্যান্ডি কিং সংবাদ সম্মেলনে হামজার ইনজুরি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ‘হামজার হাঁটুতে বড় ধরনের চোট লেগেছে। এখন ক্রাচে ভর দিয়ে হাঁটছেন। হাঁটুতে ব্রেস লাগানো হয়েছে। আমার মনে হয় না সে খুব দ্রুত মাঠে ফিরতে পারবে। সপ্তাহের শেষের দিকে হামজার স্ক্যান রিপোর্ট পাওয়ার পর আপডেট আপনাকে জানাবো।’

আরআই/আইএইচএস/