ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

চ্যাম্পিয়নশিপ কেড়ে নেওয়ার প্রতিবাদে আদালতে সেনেগাল

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০২:৪৯ পিএম, ২৬ মার্চ ২০২৬

মাঠের লড়াইয়ে জিতে শিরোপা নিয়ে বাড়িও ফিরেছিল সেনেগাল। কিন্তু সেটি হাতছাড়া হতে যাচ্ছে টেবিলের সিদ্ধান্তে। এমন ঘটনায় উত্তাল হয়ে পড়েছে আফ্রিকান ফুটবল অঙ্গন। গত ১৮ জানুয়ারির ফাইনালে ১-০ ব্যবধানে ফাইনালে জেতে সেনেয়াল মরক্কোর বিপক্ষে কিন্তু চলতি মার্চ মাসের ১৭ তারিখ কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ) ফলাফল পরিবর্তন করে মরক্কোকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করে।

এই ঘটনার প্রতিবাদে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) আপিল করেছে সেনেগাল ফুটবল ফেডারেশন (এফএসএফ)।

চরম নাটকীয়তায় পরিপূর্ণ সেই ফাইনালের যোগ করা সময়ে পেনাল্টি পায় মরক্কো। এর প্রতিবাদে মাঠ ছেড়ে বেরিয়ে যান সেনেগালের ফুটবলাররা। ১৭ মিনিট খেলা বন্ধ থাকলেও সাদিও মানে সতীর্থদের মাঠে ফেরান। পুনরায় খেলা শুরু হওয়ার পর অতিরিক্ত সময়ে পেপ গুইয়ের গোলে জয় নিশ্চিত করে শিরোপা ঘরে তোলে সেনেগাল।

ফাইনালের মাসদুয়েক পর আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ) পাল্টে দিয়েছে সেই ফলাফল। সিএএফের রায়ে পেনাল্টির আগে সেনেগাল দলের আচরণ টুর্নামেন্টের ৮২ ও ৮৪ নম্বর ধারার লঙ্ঘন। ফলে ম্যাচটি সেনেগালের জন্য পরিত্যক্ত করে মরক্কোকে ৩-০ ব্যবধানে বিজয়ী ও চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। যার প্রতিবাদে আইনি লড়াইয়ে নেমেছে সেনেগাল।

সিএএস এক বিবৃতিতে জানিয়েছে, সেনেগাল ফুটবল ফেডারেশন তাদের করা আপিলে সিএএফের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে এবং নিজেদের চ্যাম্পিয়ন ঘোষণা করার অনুরোধ জানিয়েছে। পাশাপাশি, সিএএফের সিদ্ধান্তের পূর্ণাঙ্গ ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত আপিল প্রক্রিয়ার সময়সীমা স্থগিত রাখার আবেদনও করা হয়েছে।

বিষয়টি পর্যালোচনার জন্য সিএএস একটি সালিশি প্যানেল গঠন করবে এবং পরবর্তী কার্যক্রমের জন্য নির্দিষ্ট সময়সূচী নির্ধারণ করবে।

শিরোপা কেড়ে নেওয়ার এই নজিরবিহীন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে সেনেগাল সরকারও। এর আগে সরকারের পক্ষ থেকে ঘটনাটির নিরপেক্ষ তদন্তের আহ্বান জানানো হয়েছিল। নিজেদের অবস্থান স্পষ্ট করতে প্যারিসে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন সেনেগাল ফুটবল ফেডারেশনের আইনজীবীরা।

আইএন