ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

সান্তোস কোচ বললেন, নেইমারকে নিয়ে তাড়াহুড়া নয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

বাম হাঁটুর অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়ায় ভালো অগ্রগতি হলেও ব্রাজিলিয়ান তারকা নেইমারকে তাড়াহুড়া করে মাঠে নামানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সান্তোসের প্রধান কোচ হুয়ান পাবলো ভইভোদা।

গত ২২ ডিসেম্বর বাম হাঁটুর মেনিস্কাসে চোট পাওয়ার পর আর্থ্রোস্কোপিক সার্জারি করান নেইমার। অস্ত্রোপচারের পর দীর্ঘ সময় মাঠের বাইরে থাকা ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড চলতি সপ্তাহে আবার দলীয় অনুশীলনে ফিরেছেন।

রোববার ক্যাম্পেওনাতো পওলিস্তা লিগে ক্লাব নোরোয়েস্তের বিপক্ষে নেইমারের খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা থাকলেও কোচ ভইভোদা সতর্ক অবস্থান নিয়েছেন। তিনি বলেন, ‘নেইমার ইতোমধ্যে দলের সঙ্গে অনুশীলনে ফিরেছে। তবে তার মতো একজন খেলোয়াড়, যার সামনে বড় লক্ষ্য রয়েছে, তাকে পুরোপুরি ফিট হয়ে ফিরতে হবে। সে কঠোর পরিশ্রম করছে যাতে মাঠে ফিরে সবার প্রত্যাশা পূরণ করতে পারে। আমরা কোনো ঝুঁকি নিতে চাই না।’

তিনি আরও যোগ করেন, ‘আমাদের সবাই তার প্রয়োজন অনুভব করি। কিন্তু আমরা চাই সে শতভাগ ফিট থাকুক। পুরোপুরি সুস্থ হলে সে এমন পার্থক্য গড়ে দিতে পারে, যা অন্য কেউ পারে না।’

গত মৌসুমে সান্তোসকে অবনমন থেকে বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা নেইমারের মূল লক্ষ্য এখন ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা নিশ্চিত করা। চোটের কারণে দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা (৭৯ গোল) নেইমার ২০২৩ সালের অক্টোবরের পর আর জাতীয় দলের হয়ে খেলতে পারেননি।

এদিকে সম্প্রতি ক্রুজেইরো থেকে ধারে সান্তোসে যোগ দেওয়া ফরোয়ার্ড গ্যাব্রিয়েল বারবোসা (গ্যাবিগোল) নেইমারের ওপর অতিরিক্ত চাপ না দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি তাকে জাতির ত্রাণকর্তা হিসেবে দেখি না। সে আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়, একজন আইডল এবং অধিনায়ক। আমরা চাই সে যেন চাপমুক্ত থেকে ধীরে ধীরে শতভাগ ফিট হয়ে ফিরে আসে এবং দলকে সাহায্য করে।’

ব্রাজিল সমর্থকদের প্রশ্ন, বিশ্বকাপের আগে নেইমার কী সম্পূর্ণ সুস্থ হতে পারবেন? তিনি কি পারবেন ২০২৬ বিশ্বকাপ খেলতে?

আইএইচএস/