ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

দীর্ঘ সময় রিয়ালেই থাকতে চান ভিনিসিয়ুস

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:৩৪ পিএম, ২৭ মার্চ ২০২৬

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র আবারও স্পষ্ট করে জানিয়ে দিলেন- তার ভবিষ্যৎ মাদ্রিদেই। স্পেনের এই ঐতিহ্যবাহী ক্লাবটির সঙ্গে দীর্ঘদিন থাকার ইচ্ছার কথা জানিয়ে ব্রাজিলিয়ান এই তারকা ফরোয়ার্ড বলেছেন, তিনি এখন নিজের ক্যারিয়ারের সেরা সময় পার করছেন এবং এই যাত্রা আরও দীর্ঘ করতে চান।

ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়র। সেখানে জিজ্ঞেস করা হয় আন্তোনি গ্রিজম্যানের সাম্প্রতিক সিদ্ধান্ত নিয়ে। স্পেনের অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে যুক্তরাষ্ট্রের অরল্যান্ডে সিটিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন গ্রিজমান। তবে এই প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করতেই বেশি আগ্রহী ছিলেন ভিনিসিয়ুস।

তিনি বলেন, গ্রিজম্যান একজন অসাধারণ খেলোয়াড়, যিনি স্পেনে এবং ফ্রান্স জাতীয় দলের হয়ে দুর্দান্ত ক্যারিয়ার গড়েছেন। তার মতে, মেজর লিগ সকারেও (এমএলএস) গ্রিজম্যান গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। তবে নিজের ভবিষ্যৎ নিয়ে কোনো দ্বিধা নেই ভিনিসিয়ুসের- তার চিন্তা শুধুই রিয়াল মাদ্রিদকে ঘিরে।

ভিনিসিয়ুস বলেন, ‘আমি শুধু রিয়াল মাদ্রিদ নিয়েই ভাবি এবং অনেক দিন সেখানে থাকতে চাই। আমি আমার ক্যারিয়ারের সেরা সময় পার করছি। ক্লাবের হয়ে যা করছি, সেটাই জাতীয় দলের হয়েও করতে চাই।’

মাত্র ২৫ বছর বয়সেই রিয়াল মাদ্রিদের জার্সিতে আট বছর পার করে ফেলেছেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। এই সময়ের মধ্যে তিনি হয়ে উঠেছেন দলের অন্যতম ভরসার প্রতীক। গোল, অ্যাসিস্ট এবং আক্রমণভাগে তার গতিময়তা- সব মিলিয়ে বর্তমান বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড়দের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

রিয়াল মাদ্রিদের হয়ে ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি জাতীয় দলের হয়েও একই ছন্দ ধরে রাখার লক্ষ্য তার। সামনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সূচিকে সামনে রেখে নিজের ফর্ম ধরে রাখার দিকেই এখন পুরো মনোযোগ দিচ্ছেন ভিনিসিয়ুস জুনিয়র।

সবকিছু মিলিয়ে স্পষ্ট- রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়তেই চান ভিনিসিয়ুস, আর সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছেন নিজের সেরা সময়টাকে কাজে লাগিয়ে।

আইএইচএস/