মেসির ছেলেদের সান্তোসের ১০ নম্বর জার্সি উপহার দিলেন নেইমার
ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র তার দীর্ঘদিনের বন্ধু ও সাবেক সতীর্থ লিওনেল মেসির পরিবারের জন্য বিশেষ একটি উপহার পাঠিয়েছেন। ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোসের ১০ নম্বর জার্সি মেসির দুই ছেলে থিয়াগো ও মাতেওর জন্য উপহার দেন নেইমার।
সান্তোস ক্লাব তাদের অফিসিয়াল মাধ্যমে একটি ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যায় লিওনেল মেসি এবং তার দুই ছেলে হাতে ধরে আছেন নেইমার বর্তমানে পরা ক্লাবটির বিখ্যাত ১০ নম্বর জার্সি। এই জার্সিটি ফুটবল ইতিহাসে বিশেষ মর্যাদাপূর্ণ, কারণ কিংবদন্তি পেলে তাঁর ক্যারিয়ারের সেরা সময়গুলোতে সান্তোসের হয়ে এই নম্বরেই খেলেছেন।
ছবিটি প্রকাশ করে সান্তোস এক আবেগঘন বার্তায় লিখেছে, ‘নেইমার জুনিয়র থেকে লিওনেল মেসির জন্য। প্রিন্স থেকে জিনিয়াসের কাছে। এই পবিত্র জার্সি, যার মূল্য অপরিমেয়। যে নম্বরকে অমর করে তুলেছেন ফুটবলের রাজা। ১০ নেইমারের, ১০ মেসির, ১০ পেলের। ফুটবল ইতিহাসের এক অনন্ত উত্তরাধিকার। ভিলা বেলমিরো থেকে শুভেচ্ছা, লিওনেল মেসি!’
নেইমার নিজেও জার্সিগুলোতে থিয়াগো ও মাতেওর উদ্দেশ্যে ব্যক্তিগত বার্তা লিখে স্বাক্ষর করেছেন এবং ছবিটি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন।
মেসি ও নেইমারের বন্ধুত্ব অনেক পুরনো। তারা বার্সেলোনায় চার মৌসুম একসঙ্গে খেলেছেন এবং পরে প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) আরও দুই বছর সতীর্থ ছিলেন। মাঠের বাইরেও তাদের সম্পর্ক এখনো ঘনিষ্ঠ।
২০২৩ সালে পিএসজি ছাড়ার পর মেসি যোগ দেন মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে। অন্যদিকে নেইমার সৌদি আরবের ক্লাব আল হিলালে পাড়ি জমান। তবে প্রায় ১৩ মাস আগে তিনি আবার নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরে আসেন।
বর্তমানে নেইমারের লক্ষ্য আবার সেরা ফর্মে ফিরে আসা এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে আগামী বিশ্বকাপে খেলার জন্য নিজেকে প্রস্তুত করা। মেসির পরিবারের প্রতি এই উপহার তাদের বন্ধুত্বের দৃঢ়তা এবং ফুটবলের ঐতিহ্যের প্রতি সম্মানেরই এক সুন্দর নিদর্শন।
আইএইচএস/