নারী এশিয়ান কাপ ফুটবল
ভারত সবার আগে অস্ট্রেলিয়ায়, বাংলাদেশ যাবে নামকাওয়াস্তের প্রস্তুতি নিয়ে
সর্বশেষ ২০২২ সালে অনুষ্ঠিত নারী এশিয়ান কাপ ফুটবলে ভারতের হয়েছিল তিক্ত অভিজ্ঞতা। ৪২ বছর পর এশিয়ার নারী ফুটবলের সবচেয়ে বড় ও মর্যাদার আসরের আয়োজক হয়েও খেলতে পারেনি।
দলের খেলোয়াড়দের মধ্যে ব্যাপক হারে করোনা ছড়িয়ে পারলে চাইনিজ তাইপের বিপক্ষে ১৩ জন খেলোয়াড় তালিকাই তৈরি করতে পারেনি ভারত। আয়োজক হয়েও টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করতে হয় ভারতকে।
ওই সময়ে ভারত জাতীয় নারী ফুটবল দলের মিডিয়া অফিসারের দায়িত্ব পালন করা নিরঞ্জন দত্ত কলকাতা থেকে জাগো নিউজকে বলছিলেন, ‘ভারতের দারুন সুযোগ ছিল ওয়ার্ল্ডকাপে কোয়ালিফাই করার। প্রথম ম্যাচে আমরা ইরানের সাথে ড্র করি। তবে দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে স্কোয়াডই তৈরি করা সম্ভব হয়নি দলের মধ্যে করোনা ছড়িয়ে পড়লে। তাই নাম প্রত্যাহার করতে হয়েছিল।’
অন্য দলগুলো নিরাপদে খেলে গেলো অথচ ভারত ঘরের মাঠে করোনায় এভাবে আক্রান্ত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলো সেটা কিভাবে হলো? নিরাঞ্জনের জবাব ‘আমাদের ফিজিও প্রথম করোনায় আক্রান্ত হয়। তবে তিনি জানতেন না। তার মাধ্যমেই পুরো দলে করোনা ছড়িয়ে পড়েছিল। তাই ভারতের দুর্ভাগ্য খেলতেই পারেনি।’
২৩ বছর পর ভারত যোগ্যতা অর্জন করে আবার এশিয়ান কাপে নাম লিখিয়েছে। আগামী ১ মার্চ অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া এশিয়ার নারী ফুটবলারদের সবচেয়ে বড় প্রতিযোগিতার আগে ভারত দলকে পূর্ণ প্রস্তুত করেছে। তুরস্কে ক্যাম্প করে ভারতের মেয়েরা সবার আগে ১২ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ায় পৌঁছেছে।
তাদের প্রথম ম্যাচ ৪ মার্চ ভিয়েতনামের বিপক্ষে। ম্যাচের ২০ দিন আগে ভারত পৌঁছেছে তাদের ম্যাচ শহর পার্থে। ওখানেই ভারত দ্বিতীয় ম্যাচ খেলবে জাপানের বিপক্ষে। শেষ ম্যাচ সিডনিতে চাইনিজ তাইপের বিপক্ষে।
গতবারের দুর্ভাগ্যজনকভাবে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে ভারত এবার কোমর বেঁধেই টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে। অথচ প্রথমবার খেলার সুযোগ পাওয়া বাংলাদেশ এশিয়ান কাপে যাচ্ছে নামকাওয়াস্তের প্রস্তুতি নিয়ে। টুর্নামেন্ট শুরুর তিন মাস আগে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে বাংলাদেশ।
এই তিন মাসে একটি ম্যাচও আয়োজন করতে পারেনি বাফুফে। অথচ কোয়ালিফাইয়ের পর বাফুফে কর্মকর্তারা বলেছিলেন পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়েই এশিয়ান কাপ শুরু করবে মেয়েরা। বাস্তবে বলতে গেলে প্রস্তুতি ছাড়াই বাংলাদেশ খেলতে যাচ্ছে এশিয়ান কাপ। ২০ ফেব্রুয়ারি সিডনি যাওয়ার পর আফঈদাদের জন্য স্থানীয় একটি ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ আয়োজন্ই বাফুফের সর্বোচ্চ সাংগঠনিক দক্ষতা।
আইএইচএস/
সর্বশেষ - খেলাধুলা
- ১ দাপুটে জয়ে সুপার এইটে শ্রীলঙ্কা, বিদায়ের শঙ্কায় অস্ট্রেলিয়া
- ২ দুই মাস পর মাঠে ফিরলেন নেইমার, বিশ্বকাপ নিয়ে নতুন স্বপ্ন
- ৩ ভারত সবার আগে অস্ট্রেলিয়ায়, বাংলাদেশ যাবে নামকাওয়াস্তের প্রস্তুতি নিয়ে
- ৪ শেষ ৫ ওভারে দুর্দান্ত বোলিং, অস্ট্রেলিয়াকে ১৮১ রানে থামালো শ্রীলঙ্কা
- ৫ বিশ্বকাপের চার মাস আগে চোটে মেসি, শুরু হলো পুনর্বাসন