ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

ভিনিসিয়ুসকে বর্ণবাদী মন্তব্যকারীর কঠোর শাস্তির দাবি ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০১:৪৫ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬

রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে কঠোর শাস্তির দাবি জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার মাঠে ঘটে যাওয়া ঘটনার পর ফিফা ও উয়েফার কাছে আনুষ্ঠানিকভাবে হস্তক্ষেপ চেয়েছে ব্রাজিল।

ম্যাচে একমাত্র গোলটি করেন ভিনিসিয়ুস। এরপর তিনি অভিযোগ করেন, বেনফিকার খেলোয়াড় জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি তাকে ‘বানর’ বলে অপমান করেছেন। এ ঘটনায় উয়েফা ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

সিবিএফ এক বিবৃতিতে জানায়, ‘ব্রাজিল ফুটবল কনফেডারেশন আশা করে ফিফা এই বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং উয়েফা দায়ীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে। এমন, শাস্তি যা ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।’

তারা আরও জানিয়েছে, ভুক্তভোগী ও উপস্থিত সাক্ষীদের বক্তব্য বিবেচনায় নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের অনুরোধ জানিয়ে উয়েফার কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।

ঘটনার সময় প্রেস্টিয়ান্নিকে নিজের জার্সি দিয়ে মুখ ঢেকে কিছু বলতে দেখা যায়। তবে তিনি অভিযোগ অস্বীকার করেছেন। যদিও পরে তিনি স্বীকার করেছেন যে, বানর নয় ভিনিসিয়ুসকে বিদ্বেষমূলক গালি দিয়েছিলেন। বেনফিকা ক্লাবও তাদের আর্জেন্টাইন খেলোয়াড়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’ চালানো হচ্ছে বলে দাবি করেছে।

রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে জানিয়েছে, ম্যাচে ঘটে যাওয়া ‘অগ্রহণযোগ্য বর্ণবাদী ঘটনার’ প্রেক্ষিতে তারা উয়েফার কাছে সব ধরনের প্রমাণ জমা দিয়েছে।

ঘটনার পর রেফারি বর্ণবাদবিরোধী প্রটোকল সক্রিয় করেন এবং ম্যাচ প্রায় ১০ মিনিট বন্ধ থাকে। শেষ পর্যন্ত রিয়াল ১-০ ব্যবধানে জয় পায়। রিয়াল ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে ম্যাচ শেষে বলেন, তিনি নিজে প্রেস্টিয়ান্নিকে পাঁচবার ভিনিসিয়াসকে ‘বানর’ বলতে শুনেছেন।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বুধবার এক বিবৃতিতে জানান, তিনি ঘটনাটি দেখে ‘স্তম্ভিত ও মর্মাহত’।

সম্ভাব্য শাস্তি

গত বছর ফিফা তাদের শৃঙ্খলাবিধির ১৫ ও ৩০ নম্বর অনুচ্ছেদ সংশোধন করে বর্ণবাদ ও বৈষম্য মোকাবিলায় কঠোর ব্যবস্থা যুক্ত করেছে। নতুন নিয়ম অনুযায়ী, বর্ণবাদী আচরণের জন্য সর্বোচ্চ জরিমানা ৫০ লাখ সুইস ফ্রাঁ পর্যন্ত হতে পারে।

উয়েফার শৃঙ্খলাবিধি অনুযায়ী, অভিযোগ প্রমাণিত হলে প্রেস্টিয়ান্নি কমপক্ষে ১০ ম্যাচ নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন। তদন্তের ফলাফলের অপেক্ষায় এখন ফুটবল বিশ্ব, আর ব্রাজিলের পক্ষ থেকে স্পষ্ট বার্তা- বর্ণবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’।

আইএইচএস/