শেষ মুহূর্তের ধাক্কা, বার্নলির কাছে পয়েন্ট হারালো চেলসি
স্ট্যামফোর্ড ব্রিজে জয়ের খুব কাছাকাছি গিয়েও শেষ মুহূর্তে হতাশ হতে হয়েছে চেলসিকে। ১০ জনের দলে পরিণত হওয়ার পর অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে জিয়ান ফ্লেমিংয়ের হেডে ১-১ গোলে ড্র করে বার্নলি।
ম্যাচের শুরুটা ছিল চেলসির জন্য দারুণ। চতুর্থ মিনিটেই পেদ্রো নেতোর ক্রস থেকে হোয়াও পেদ্রো গোল করে দলকে এগিয়ে দেন। এরপর পুরো ম্যাচজুড়েই চেলসি নিয়ন্ত্রণে ছিল এবং প্রতিপক্ষকে তেমন কোনো সুযোগ দেয়নি। কোল পালমারও ছিলেন নিজের সেরা ছন্দে, ফলে স্কট পার্কারের দলকে অনেকটাই অসহায় দেখাচ্ছিল।
তবে ম্যাচের মোড় ঘুরে যায় শেষ দিকে এসে। নির্ধারিত সময়ের প্রায় ২০ মিনিট আগে জেমস ওয়ার্ড-প্রাউসকে ট্যাকল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ওয়েসলি ফোফানা। ১০ জনের চেলসি তখন চাপে পড়ে যায়।
১০ জনের দলে পরিণত হওয়ায় চেলসির দুর্বলতা কাজে লাগায় বার্নলে। শেষ মুহূর্তে এসে সমতায় ফেরে তারা। অতিরিক্ত সময়ে ওয়ার্ড-প্রাউসের নেওয়া কর্নার থেকে জিয়ান ফ্লেমিং হেড করে গোল করে দলকে এক পয়েন্ট এনে দেন।
শেষ মুহূর্তে বার্নলি জয়ের কাছাকাছিও চলে গিয়েছিল; কিন্তু জ্যাকব ব্রুন লারসেন ফাঁকা হেড বার-এর ওপর দিয়ে চলে গেলে বড় বিপদ থেকে বেঁচে যায় চেলসি।
নতুন কোচ লিয়াম রোজেনিয়রের অধীনে চেলসির খেলায় উন্নতি দেখা গেলেও ম্যাচ শেষ করে আসার দুর্বলতা এবং শৃঙ্খলার অভাব এখনও তাদের ভোগাচ্ছে। এই মৌসুমে এটি চেলসির অষ্টম লাল কার্ড, যা দলের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
আইএইচএস/