গুরুত্বপূর্ণ ম্যাচেই এমবাপেকে পাচ্ছে না রিয়াল মাদ্রিদ!
গ্রুপ পর্বের শেষ ম্যাচে পর্তুগিজ ক্লাব বেনফিকার কাছে হেরেই প্লে-অপে চলে যেতে হয়েছিল রিয়াল মাদ্রিদকে। আবার প্লে-অফে সেই বেনফিকাকেই পেয়েছে লজ ব্লাঙ্কোজরা। যার প্রথম লেগে পর্তুগিজ ক্লাবকে ১-০ গোলে হারিয়ে এগিয়ে রয়েছে রিয়াল। আজ নিজেদের মাঠে ফিরতি লেগে বেনফিকার মুখোমুখি আলভারো আরবেলোয়ার শিষ্যরা।
কিন্তু গুরুত্বপূর্ণ এই ম্যাচে রিয়াল মাদ্রিদ হয়তো মিস করতে যাচ্ছে তাদের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে। হাঁটুর চোটের কারণে প্লে-অফের ফিরতি লেগে বেনফিকার বিপক্ষে খেলতে পারবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ক্লাব সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইএসপিএন।
গত কয়েক মাস ধরেই বাম হাঁটুর অস্বস্তিতে ভুগছেন ফরাসি এই ফরোয়ার্ড। সর্বশেষ ১৪ ফেব্রুয়ারি রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে লা লিগার ম্যাচে তিনি খেলতে পারেননি। মঙ্গলবার অনুশীলনের সময়ও আবার হাঁটুতে অস্বস্তি অনুভব করেন এমবাপে।
ক্লাবের চিকিৎসক দল বিষয়টি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে এমবাপেকে খেলানো উচিত হবে কি না- এ নিয়ে তার নিজের এবং মেডিকেল টিমের মধ্যেই কিছুটা দ্বিধা রয়েছে।
লিসবনে ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রথম লেগে রিয়াল মাদ্রিদ ১-০ ব্যবধানে জয় পায় এবং ওই ম্যাচে পুরো ৯০ মিনিটই খেলেছিলেন এমবাপে। তবে দ্বিতীয় লেগে তাকে খেলানো হলে পরবর্তীতে অন্তত ১০ দিনের বিশ্রাম প্রয়োজন হতে পারে বলে জানা গেছে।
সূত্র মতে, এমবাপে খেললে চোট আরও গুরুতর হওয়ার ঝুঁকি খুব বেশি না থাকলেও তিনি এখনো ব্যথা নিয়ে খেলছেন এবং নিজের স্বাভাবিক সক্ষমতার মাত্র ৬০ থেকে ৭০ শতাংশ নিয়ে মাঠে নামতে পারছেন।
বেনফিকার ম্যাচের পর ২ মার্চ গেতাফের বিপক্ষে এবং ৭ মার্চ সেল্টা ভিগোর মাঠে খেলতে নামবে রিয়াল মাদ্রিদ। তাই তার ফিটনেস নিয়ে ঝুঁকি নিতে চায় না ক্লাব।
এই মৌসুমে রিয়ালের হয়ে দুর্দান্ত পারফর্ম করছেন এমবাপে। লা লিগায় এখন পর্যন্ত করেছেন ২৩ গোল এবং চ্যাম্পিয়ন্স লিগে তার গোলসংখ্যা ১৩। গত ডিসেম্বরে বড়দিনের আগেও হাঁটুর সমস্যায় পড়েছিলেন তিনি। সেই কারণে ১০ ডিসেম্বর ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে খেলতে পারেননি এবং জানুয়ারিতে স্প্যানিশ সুপারকাপেও মাত্র কয়েক মিনিট মাঠে ছিলেন।
সম্প্রতি ওসাসুনার বিপক্ষে ২-১ গোলের হারে তার চলাফেরায়ও কিছুটা সীমাবদ্ধতা লক্ষ্য করা গেছে। তবে প্রধান কোচ আলভারো আরবেলোয়া জানিয়েছেন, এমবাপে দলের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘কিলিয়ান আগামীকালের ম্যাচের জন্য প্রস্তুত- এই মুহূর্তে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দলের প্রতি এবং সতীর্থদের প্রতি তার প্রতিশ্রুতি প্রশংসনীয়। সে একজন ম্যাচজয়ী খেলোয়াড়, যে কোনো মুহূর্তে ম্যাচের ফল বদলে দিতে পারে।’
সবকিছু মিলিয়ে, বেনফিকার বিপক্ষে এমবাপের খেলা এখনো পুরোপুরি নিশ্চিত নয়। শেষ মুহূর্তে তার শারীরিক অবস্থার ওপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রিয়াল মাদ্রিদ।
আইএইচএস/
সর্বশেষ - খেলাধুলা
- ১ গুরুত্বপূর্ণ ম্যাচেই এমবাপেকে পাচ্ছে না রিয়াল মাদ্রিদ!
- ২ আইন ও ফিটনেস- দুই পরীক্ষায় পাস করলেই জাতীয় দলে ফিরতে পারবেন সাকিব
- ৩ ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলবে বাংলাদেশ, চূড়ান্ত হলো সূচি ও ভেন্যু
- ৪ নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার বাঁচা-মরার লড়াই
- ৫ সোরলথের হ্যাটট্রিক, শেষ ষোলোয় অ্যাটলেটিকো মাদ্রিদ