ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

নারী ফুটবলের ইতিহাসে নতুন অধ্যায় শুরুর অপেক্ষায় বাংলাদেশ

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৮:১৮ পিএম, ০২ মার্চ ২০২৬

অস্ট্রেলিয়ার অন্যতম শহর সিডনিতে মঙ্গলবার ইতিহাসে নতুন অধ্যায় যোগ করতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। বাংলাদেশ সময় দুপুর ২টায় সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে এএফসি নারী এশিয়ান কাপে অভিষেক হবে বাংলাদেশের। ১৯৮০ সালের পর এশিয়ার মঞ্চে খেলতে যাচ্ছে বাংলাদেশ। ৪৬ বছর আগে কাজী সালাউদ্দিন-আশরাফ উদ্দিন আহমেদ চুন্নুদের পা পড়েছিল এশিয়ার মঞ্চে, এবার পড়ছে আফঈদা-ঋতুপর্ণাদের।

এশিয়ার সেরা ১২ দেশের লড়াই। সেখানে বাংলাদেশ একদম নতুন। অন্য ১১ দলের এই মঞ্চে খেলার অভিজ্ঞতা থাকলেও বাংলাদেশের মেয়েদের হবে নতুন অভিজ্ঞতা। আন্ডারডগ বাংলাদেশের সামনে প্রথম ম্যাচেই চীন। যে দলটি সর্বাধিক ৯ বার চ্যাম্পিয়ন হয়েছে মেয়েদের এশিয়ান কাপে।

ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশ (১১২) ও চীনের (১৭) পার্থক্য ৯৫ ধাপ। এই পরিসংখ্যানই বলে দেয়, মাঠের লড়াই কতটা একপেশে হতে পারে।

বাংলাদেশের অভিজ্ঞতার এই মঞ্চ থেকেও কিছু প্রাপ্তির প্রত্যাশা আছে। চীন ও উত্তর কোরিয়ার বিপক্ষে হারটা অনুমিত। শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে যদি একটু লড়াই করা যায়। ওই দলটিও শক্তিতে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে ৬৩ ধাপ।

একটি ম্যাচ জিততে পারলে বিশ্বকাপে খেলার সম্ভাবনায় টিকে থাকবে। টিকে থাকবে অলিম্পিক বাছাইয়ে খেলার সম্ভাবনায়ও। তাই বাংলাদেশ শেষ ম্যাচটিকে পাখির চোখ করে গেছে অস্ট্রেলিয়ায়।

এশিয়ার সবচেয়ে বড় এই টুর্নামেন্ট মাঠে গড়িয়েছে ১ মার্চ। 'এ' গ্রুপের দুই ম্যাচে অস্ট্রেলিয়া ১-০ গোলে হারিয়েছে ফিলিপাইনকে এবং দক্ষিণ কোরিয়া ৩-০ গোলে হারিয়েছে ইরানকে।

মঙ্গলবার 'বি' গ্রুপের দুটি ম্যাচ হবে। বাংলাদেশ ও চীন এবং উত্তর কোরিয়া ও উজবেকিস্তান মুখোমুখি হবে টুর্নামেন্টের তৃতীয় দিনে।

আরআই/এমএমআর