ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

বার্নাব্যুতে গেতাফের চমক, শিরোপা দৌড়ে হোঁচট রিয়ালের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০:২৯ এএম, ০৩ মার্চ ২০২৬

স্প্যানিশ লা লিগার শিরোপা দৌড়ে আরও পিছিয়ে পড়লো রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে গেতাফের কাছে ১-০ গোলে হেরে বড় ধাক্কা খেয়েছে লস ব্লাঙ্কোজরা। ম্যাচের একমাত্র গোলটি আসে মার্টিন সাতরিয়ানোর অসাধারণ এক ভলি থেকে, যা শেষ পর্যন্ত ম্যাচের জয়-পরাজয় নির্ধারক হয়ে দাঁড়ায়।

গত সপ্তাহে ওসাসুনার বিপক্ষে শেষ মুহূর্তের হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামে রিয়াল। কিন্তু টানা দুই ম্যাচ হারে বার্সেলোনার সঙ্গে শিরোপা লড়ায়ে অনেক দূর পিছিয়ে পড়লো তারা। দু’দলের সঙ্গে তৈরি হলো স্পষ্ট ৪ পয়েন্টের ব্যবধান। ২৬ ম্যাচে বার্সার পয়েন্ট ৬৪। রিয়ালের ৬০। রিয়ালকে হারিয়ে ৩২ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে উঠে এলো গেতাফে।

সান্তিয়াগো বার্নাব্যুতে সোমবার রাতে শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য দেখায় স্বাগতিক রিয়াল। কিলিয়ান এমবাপে চোটের কারণে দলে না থাকলেও ভিনিসিয়ুস জুনিয়র, আরদা গুলেররা চেষ্টা চালিয়ে যান গোল করতে। ম্যাচের শুরুতেই ভিনিসিয়ুস একটি সুযোগ নষ্ট করেন। অন্যদিকে গেতাফেও পাল্টা আক্রমণে ভয় দেখায়। দিয়েগো রিকোর ভলি ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড দারুণ ব্লকে ঠেকিয়ে দেন।

১৩তম মিনিটে মাঝমাঠে সেবাস্তিয়ান বোসেল্লির ভুলে বল পেয়ে এগিয়ে যান ভিনিসিয়ুস। তবে বক্সের ভেতর থেকে নেওয়া তার নিচু শট বুটের স্পর্শে বাইরে ঠেলে দেন গেতাফে গোলরক্ষক ডেভিড সোরিয়া। ২৪তম মিনিটে আরদা গুলেরের জোরালো শটও দারুণ প্রতিক্রিয়ায় রুখে দেন সোরিয়া।

ম্যাচের ৩৯তম মিনিটে হঠাৎই এগিয়ে যায় গেতাফে। বক্সের সামনে থেকে ক্লিয়ার করা বল মাউরো আরামবার্রি হেড করে ডানদিকে পাঠান। বলটি মাটিতে পড়ার আগেই প্রথম স্পর্শে দুর্দান্ত ভলিতে জালে পাঠান মার্টিন সাত্রিয়ানো। থিবো কুর্তোয়া কোনো সুযোগই পাননি। গোলটি বার্নাব্যুর সমর্থকদের স্তব্ধ করে দেয়।

চার পয়েন্ট পিছিয়ে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমানোর লক্ষ্য ছিল রিয়ালের; কিন্তু প্রথমার্ধের শেষ দিকে অরেলিয়েন চুয়ামেনির হেডও সোরিয়ার হাতে আটকে যায়। দ্বিতীয়ার্ধে গতি বাড়ালেও গোলের দেখা পায়নি স্বাগতিকরা। থিয়াগো পিতার্চের দূরপাল্লার শট সোজা গোলরক্ষকের হাতে যায়।

৫৫তম মিনিটে কোচ আলভারো আরবেলোয়া একসঙ্গে তিন পরিবর্তন আনেন- রদ্রিগো, ডিন হুইসেন ও দানি কারভাহালকে মাঠে নামান। এরপর পুরো সময়জুড়ে গেতাফেকে নিজেদের অর্ধে চেপে রাখে রিয়াল। তবে সুসংগঠিত রক্ষণ ভাঙতে ব্যর্থ হয় তারা। ৭৫তম মিনিটে আন্তোনিও রুদিগারের হেড গোলের সামনে দিয়ে বেরিয়ে যায়, দূরপোস্টে থাকা হুইসেন ছোঁয়া দিতে পারেননি। কিছুক্ষণ পর রদ্রিগোর হেডও ছয় গজ বক্স পেরিয়ে যায়, কিন্তু কেউ ফিনিশিং টাচ দিতে পারেননি।

ম্যাচের শেষদিকে ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর শটও সোরিয়া দারুণভাবে রুখে দেন। যোগ করা সময়ে হতাশা চরমে ওঠে রিয়ালের। রেফারির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে সরাসরি লাল কার্ড দেখেন বদলি হিসেবে নামা মাস্তানতুয়োনো। একই সময়ে গেতাফের বদলি খেলোয়াড় আদ্রিয়ান লিসো অপ্রয়োজনীয়ভাবে বল দূরে লাথি মেরে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন।

ম্যাচ শেষে গেতাফে ডিফেন্ডার কিকো ফেমেনিয়া বলেন, ‘এখানে এসে খেলা সবসময় কঠিন। দলকে অভিনন্দন জানাতেই হয়। আমরা রক্ষণে দুর্দান্ত ছিলাম এবং সুযোগ পেয়ে গোল করেছি। পাল্টা আক্রমণে হয়তো আরও গোলও করতে পারতাম।’

আইএইচএস/