ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

ইরানের পক্ষ নিয়ে বিজ্ঞাপন চুক্তি হারালেন জাপানের সাবেক ফুটবলার

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ১৫ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রের বিজ্ঞাপন চুক্তি হারিয়েছেন জাপানের সাবেক ফুটবলার কেইসুকে হোন্ডা। আসন্ন ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণের পক্ষে আওয়াজ তোলায় এই চুক্তি হারিয়েছেন তিনি।

স্পন্সরের নাম উল্লেখ না করেই গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে হোন্ডা জানান, যুক্তরাষ্ট্রভিত্তিক একটি প্রতিষ্ঠানের সঙ্গে তার বিজ্ঞাপন চুক্তি স্থগিত করা হয়েছে। তিনি দাবি করেন ইরানকে আসন্ন বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত বলে মত প্রকাশ করার পরই এ সিদ্ধান্ত আসে।

৩৯ বছর বয়সী এই সাবেক তারকা গত বৃহস্পতিবার এক পোস্টে লিখেছিলেন, ‘আমি জানি বিষয়টি খুবই স্পর্শকাতর, কিন্তু ব্যক্তিগতভাবে আমি চাই তারা বিশ্বকাপে অংশ নিক।’ এমন সময় তিনি এই মন্তব্য করেন যখন ইরানের ক্রীড়ামন্ত্রী জানিয়েছিলেন যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের কারণে তাদের বিশ্বকাপে অংশ নেওয়া অনিশ্চিত।

২০০৮ থেকে ২০১৮ পর্যন্ত জাপান ফুটবল দলকে প্রতিনিধিত্ব করেন তিনি। দেশের জার্সিতে করেছেন ৩৮ গোল। পরে আরেকটি পোস্টে হোন্ডা জানান, বিশ্বকাপকে সামনে রেখে চূড়ান্ত হওয়ার অপেক্ষায় থাকা বিজ্ঞাপনটি তার ওই মন্তব্যের পর বাতিল করা হয়েছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে হোন্ডা বলেন, ‘যেসব প্রতিষ্ঠান মূল বিষয়টি না বুঝে ভ্রান্ত চিন্তার ভিত্তিতে সিদ্ধান্ত নেয়, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক রাখতে চাই না।’

বিশ্বকাপে কোয়ালিফাই করা ৪৮ দলের মধ্যে ইরান থাকলেও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতের কারণে অনিশ্চিত হয়ে পড়েছে তাদের অংশগ্রহণ।

ফিফা ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে। ইরানের গ্রুপপর্বের সব ম্যাচ যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের ভেন্যুগুলোতে হওয়ার কথা রয়েছে।

আইএন