ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

একই ঘটনায় ভিন্ন সিদ্ধান্ত, ইউনাইটেড কোচের কাঠগড়ায় রেফারি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০২:৩৮ পিএম, ২১ মার্চ ২০২৬

ঘটনা প্রায় এক, কিন্তু রেফারির বাঁশিতে সিদ্ধান্ত দুই রকম! বোর্নমাউথের বিপক্ষে নাটকীয় ড্রয়ের পর এভাবেই নিজেদের ক্ষোভ উগড়ে দিলেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিক ও অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস। শুক্রবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়ার পর পুরো ইউনাইটেড শিবির এখন রেফারির সিদ্ধান্তের দিকে আঙুল তুলছে। এই ড্রয়ের পর ৩১ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে ধরাছোঁয়ার বাইরে আর্সেনাল।

ম্যাচের ৬০ মিনিট পর্যন্ত শান্ত থাকলেও পরের ২০ মিনিটে যেন ঝড় বয়ে যায়। ৬১ মিনিটে মাতেউস কুইয়াকে বক্সের ভেতর জার্সি টেনে ধরায় পেনাল্টি পায় ইউনাইটেড, যা থেকে গোল করেন ব্রুনো। কিন্তু ঠিক এর কিছুক্ষণ পরই আমাদ জিয়ালোকে বক্সে ফেলে দেওয়া হলেও ভিএআর দেখে রেফারি পেনাল্টি নাকচ করে দেন। উল্টো সেই পাল্টা আক্রমণ থেকে গোল করে সমতায় ফেরে বোর্নমাউথ।

ম্যাচ শেষে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিক সরাসরি প্রশ্ন তুলেছেন রেফারির নিরপেক্ষতা নিয়ে। তিনি বলেন, 'নিশ্চিতভাবে রেফারি কোনো একটি সিদ্ধান্তে ভুল করেছেন। মাতেউসের ক্ষেত্রে পেনাল্টি দিলে জিয়ালোর ক্ষেত্রে কেন নয়? দুজনেই বক্সের ভেতর দুই হাত দিয়ে ধরা ছিলেন। যদি একটি পেনাল্টি হয়, তবে অন্যটিও হওয়া উচিত ছিল।'

তবে ইউনাইটেড কোচ ক্যারিকের মতে, কুইয়া ও জিয়ালোর ঘটনা একইরকম ছিল, 'নিশ্চিতভাবে দুটো সিদ্ধান্তের মধ্যে একটিতে ভুল করেছেন তিনি (রেফারি), কারণ যে কারণে তিনি পেনাল্টি দেননি, ঠিক সেই একই কারণে তিনি আমাদের একটি পেনাল্টি দিয়েছেন। দুহাত দিয়ে ধরার ঘটনা ঘটেছে। মাতেউসের (কুইয়া) ক্ষেত্রে তিনি পেনাল্টি দেন, কিন্তু পরেরটিতে আমাদ জিয়ালোর ক্ষেত্রে পেনাল্টি দেননি। আমার মতে প্রায় একই রকম। যদি বক্সের মধ্যে কেউ দুই হাত দিয়ে ধরা থাকে এবং সে পড়ে যায় ও বলের নিয়ন্ত্রণে থাকে, তাহলে আমার মতে দুটি পেনাল্টি হওয়া উচিত।'

রেড ডেভিল অধিনায়ক ব্রুনো ফের্নান্দেসও কোচের সুরে সুর মিলিয়েছেন। তার আক্ষেপ, একই ম্যাচে একই দলকে দুটি পেনাল্টি দিতে হয়তো রেফারিরা দ্বিধাবোধ করেন। তিনি বলেন, 'জিয়ালো যখন শট নিতে যাচ্ছিল তখন তাকে ধাক্কা দেওয়া হয়েছিল এবং সে ভারসাম্য হারিয়ে ফেলে। আমার মতে পরিস্থিতি দুটো একই ছিল—হয় দুটোই পেনাল্টি, নয়তো কোনোটিই নয়।'

এসকেডি/এএসএম