পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশকে নিয়ে সেমিতে ভারত
প্রথম ম্যাচে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ। সমীকরণ ছিল গ্রুপের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে পাকিস্তান না জিতলেই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হবে। বৃহস্পতিবার টিকে থাকার লড়াইয়ে পাকিস্তান ৩-০ গোলে হেরেছে ভারতের কাছে।
বাংলাদেশের পর ভারতের কাছে হেরে টুর্নামেন্ট থেকে সবার আগে বিদায় নিয়েছে পাকিস্তান। মালদ্বীপে চলমান এই টুর্নামেন্টে বাংলাদেশ গ্রুপের শেষ ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে শনিবার। ওই ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নাকি রানার্সআপ হয়ে সেমিফাইনাল খেলবে।
বাংলাদেশ ও ভারতের পয়েন্ট সমান ৩ হলেও পাকিস্তানের জালে এক গোল বেশি দিয়ে টেবিলের শীর্ষে আছে ভারত। তাই বাংলাদেশকে গ্রুপসেরা হতে হলে ভারতকে হারাতেই হবে। ড্র হলেই ভারত হবে গ্রুপ চ্যাম্পিয়ন।
টুর্নামেন্টের দুটি সেমিফাইনালই হবে ১ এপ্রিল। জয়ী দুই দল ফাইনালে মুখোমুখি হবে ৩ এপ্রিল।
আরআই/আইএইচএস/