ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

বল টেম্পারিংয়ের অভিযোগ নিয়ে যা বললেন শাহিন

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৮:৫৬ এএম, ৩০ মার্চ ২০২৬

পাকিস্তান সুপার লিগে বলের আকৃতি পরিবর্তন নিয়ে ৫ রানের পেনাল্টি দেওয়া হয় লাহোর কালান্দার্সকে। করাচি কিংসের বিপক্ষে গতকালের ম্যাচে এই ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন লাহোরের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। লাহোর কালান্দার্স অধিনায়ক জানিয়েছেন, বলের অবস্থা পরিবর্তনের অভিযোগ সম্পর্কে তিনি অবগত ছিলেন না।

গাদ্দাফি স্টেডিয়ামে লাহোর ও করাচির ম্যাচের শেষ ওভারের ঘটনা। জেতার জন্য করাচির দরকার ছিল ১৪ রান। বোলিং করতে আসেন হারিস রউফ। হারিসের হাতে বল যাওয়ার আগে সেটি হাতে নেন ফখর জামান। তাদের দিকে নজর রাখছিলেন মাঠের আম্পায়ার ফয়সাল।

পরে বল পরীক্ষা করে মনে করেন এর অবস্থা পরিবর্তন করা হয়েছে, ফলে ফিল্ডিং দল লাহোরকে পাঁচ রানের পেনাল্টি দেওয়া হয়।

এই পেনাল্টি পেয়ে সুবিধা হয় করাচির। কোনো বল হওয়ার আগেই শেষ ওভারের ১৪ রানের লক্ষ্য নেমে আসে ৯ রানে। এরপর দ্বিতীয় ও তৃতীয় বলে টানা বাউন্ডারি হাঁকিয়ে দলকে রোমাঞ্চকর চার উইকেটের জয় এনে দেন আব্বাস আফ্রিদি।

যদিও এই ঘটনা সম্পর্কে কিছুই জানেন না বলছেন শাহিন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে শাহীন বলেন,‘এই বিষয়টা (বল টেম্পারিং) সম্পর্কে আমি কিছু জানি না। আমরা বিষয়টি আলোচনা করব। পাঁচ রানের পেনাল্টি হয়েছে। কিন্তু এখন কিছু বলার নেই, দেখা যাবে।’

করাচির এই জয়ের ফলে মুখোমুখি লড়াইয়ে লাহোরের বিপক্ষে বেড়েছে তাদের আধিপত্য। এখন পর্যন্ত ১৫-৮ ব্যবধানে এগিয়ে রয়েছে তারা।

আইএন