ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

মেসিদের লিগে না যেতে সালাহর কাছে সতর্কবার্তা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৫:০৮ পিএম, ৩০ মার্চ ২০২৬

মৌসুম শেষে লিভারপুল ছাড়ছেন মোহাম্মদ সালাহ। এই কথা এখন সবারই জানা। পরবর্তী গন্তব্য কোথাও হতে যাচ্ছে তা এখনও নিশ্চিত হয়নি। তার আগেই মিশরের জাতীয় দলের পরিচালক ইব্রাহিম হাসান তাকে সতর্ক করে দিয়েছেন লিভারপুল ছাড়ার পর যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে যাওয়ার ব্যাপারে। তার মতে, সেখানে গেলে আলোচনার কেন্দ্র থেকে হারিয়ে যেতে পারেন এই ফরোয়ার্ড।

মেজর লিগ সকারের কমিশনার ডন গারবার সালাহকে ওই লিগে পেতে আগ্রহ প্রকাশ করলেও এখনো নিশ্চিত নয় কোনো দল তাকে দলে ভেড়ানোর চেষ্টা করবে কি না।

স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইব্রাহিম হাসান বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি চাই সে ইউরোপেই থাকুক। পিএসজি, বায়ার্ন মিউনিখ এবং ইতালিয়ান লিগের কিছু ক্লাবের প্রস্তাবের কথা শুনেছি। মেজর লিগে গেলে সে আলোচনার বাইরে চলে যাবে। তখন তাকে কেউ মনে রাখবে না। যেমন এখন আমি লিওনেল মেসিকে খুব একটা মনে করি না, তার খেলা দেখার চেষ্টাও করি না।’

বার্সেলোনা ও পিএসজিতে সফল সময় কাটানোর পর আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ২০২৩ সালে ইন্টার মিয়ামিতে যোগ দেন এবং ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হন।

সালাহ ইউরোপে অবস্থান না করার সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেললে হাসান মনে করেন সৌদি প্রো লিগ তার জন্য ভালো অপশন হতে পারে।

বর্তমানে চোটের কারণে মাঠের বাইরে আছেন সালাহ এবং উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপকে সামনে রেখে মিশরের চলমান প্রস্তুতি ক্যাম্পেও অংশ নিতে পারছেন না।

সাতবারের আফ্রিকান চ্যাম্পিয়ন মিশর বিশ্বকাপে ‘জি’ গ্রুপে খেলবে বেলজিয়াম, নিউজিল্যান্ড ও ইরানের সঙ্গে।

আইএন