জাম্বিয়ার বিপক্ষে শুরু থেকেই খেলবেন মেসি: স্কালোনি
প্রীতি ম্যাচে মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পাওয়া আর্জেন্টিনার শুরুর একাদশে ছিলেন না লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধে মাঠে নামেন তিনি বদলি হিসেবে।
তবে এবার আর্জেন্টিনার কোচ লিওনলে স্কালোনি নিশ্চিত করেছেন, জাম্বিয়ার বিপক্ষে ম্যাচ শুরু থেকেই খেলবেন মেসি।
বুয়েন্স আইরেসে সেই ম্যচে ছন্দ খুঁজে পেতে হিমশিম খেতে হয়েছিল বিশ্বচ্যাম্পিয়নদের। দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার শট ছিল মাত্র একটি।
বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনের আগে নিজেদের শেষ হোম ম্যাচে শুরু থেকেই মেসির প্রভাব দেখতে মুখিয়ে আছেন সমর্থকরা।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ আট গোল করেছেন মেসি। পাশাপাশি সর্বাধিক ১১টি গোলে সরাসরি অবদানও রেখেছেন তিনি।
৩৮ বছর বয়সী এই তারকা এখনও নিশ্চিত করেননি, আসন্ন বিশ্বকাপে খেলবেন কি না। তবে কোচ স্কালোনি জানিয়েছেন, আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফরোয়ার্ডকে দলে রাখতে তিনি প্রস্তুত। স্কালোনি বলেন, ‘মেসি শুরু থেকেই খেলবে। হুলিয়ান আলভারেজ ও নিকো গঞ্জালেজকে কিছুটা বিশ্রাম দিতে চেয়েছি, যাতে অন্যদের সুযোগ দেওয়া যায়। আশা করি দল আবার সেই চেহারাটা দেখাবে, যা আমরা সবাই দেখতে চাই।’
স্কালোনি আরও বলেন, ‘মেসি যদি বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত নেয়, তাহলে তাকে উপভোগ করতে দেওয়া উচিত। এমন মুহূর্তগুলো ভোলার নয়। সবাই তাকে খেলতে দেখতে চায়।’
আগামীকাল বাংলাদেশ সময় ভোরে জাম্বিয়ার মুখোমুখি হবে ফিফা বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
আইএন