ফাইনালের আগে বসনিয়ার অনুশীলনে ইতালির গুপ্তচর!
ইতালি নাকি বসনিয়া, কে যাচ্ছে আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপের মূলপর্বে? সেটি নিশ্চিত হবে আজ রাতে ইউরোপিয়ান প্লে-অফের ফাইনালে। সেই ম্যাচের আগে বসনিয়ার অনুশীলনে ইতালি কর্তৃক গোয়েন্দা পাঠানোর অভিযোগ তুলেছে বসনিয়ার কিছু সংবাদমাধ্যম।
বিশ্বকাপ প্লে-অফ ফাইনালের আগে অনুশীলন চলাকালে সংবাদমাধ্যমের জন্য নির্ধারিত প্রথম ১৫ মিনিটের পরও একজনকে ভিডিও করতে দেখা যায়। পরে স্থানীয় কর্তৃপক্ষ তাকে আটক করা হয়।
বসনিয়ার সংবাদমাধ্যমগুলো তাকে ইতালির গুপ্তচর দাবি করলেও ঘটনা আসলে ব্যতিক্রম। তদন্তে জানা গেছে অভিযুক্ত ব্যক্তি মূলত একজন ইতালিয়ান সেনাসদস্য। অনুশীলনের মাঠ ও সামরিক ঘাঁটি কাছাকাছি হওয়ায় নিছক কৌতূহলবশত বসনিয়ার অনুশীলনের চিত্র তিনি রেকর্ড করেছিলেন।
আটকের পর বসনিয়ান কিছু সংবাদমাধ্যম দাবি করে, আটককৃত ব্যক্তি নাকি ইতালির ফুটবল ফেডারেশনের পাঠানো ‘গোয়েন্দা’, যিনি প্রতিপক্ষের অনুশীলন গোপনে পর্যবেক্ষণ করছিলেন। তবে বাস্তবে বিষয়টি তেমন নয়।
এ ঘটনায় ইতালি ফুটবলের কোনো সংশ্লিষ্টতা নেই বলেও নিশ্চিত করা হয়েছে।
আইএন