ইয়ামালের রেকর্ডময় ম্যাচে বার্সেলোনার একতরফা জয়
কাতালান ডার্বিতে এস্পানিওলের বিপক্ষে ৪-১ গোলের জয়ে বার্সেলোনা লা লিগার শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে। এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের ব্যবধান ৯ পয়েন্ট বাড়িয়ে নিয়েছে।
বার্সেলোনাকে ম্যাচের ৯ মিনিটেই এগিয়ে নেন ফেরান তোরেস। লামিনে ইয়ামালের কর্নার থেকে হেড করে গোল করেন তিনি। এরপর ২৫ মিনিটে ইয়ামালের অসাধারণ পাস ধরে নিজের দ্বিতীয় এবং দলের দ্বিতীয় গোল করেন তোরেস।
১৮ বছর ২৭২ দিন বয়সে ইয়ামাল ক্লাবের ইতিহাসে সর্বকনিষ্ঠ ১০০ ম্যাচ খেলার রেকর্ড গড়েন এবং এই ম্যাচে দুটি অ্যাসিস্ট করে নিজের গুরুত্ব আবারও প্রমাণ করেন।
বল দখলে পিছিয়ে থাকার পরও ৫৬ মিনিটে গোল করে ব্যবধান কমায় এস্পানিওল। বার্তা দেয় ম্যাচে ফিরে আসার। বক্সে সঠিক জায়গায় থেকে গোল করেন পোল লোজানো, যখন বার্সার ডিফেন্ডার এরিক গার্সিয়ার ব্লক থেকে বল ফিরে আসে। এরপর ফার্নান্দো কালেরো একটি হেড মিস করলেও সমতায় ফিরতে পারেনি সফরকারীরা।
শেষদিকে আক্রমণে ধার বাড়ায় বার্সেলোনা। মিনিট দুয়েকের ব্যবধানে আরও দুই গোল করে ম্যাচের ফল নিশ্চিত করে। প্রথমে ইয়ামাল ফাঁকা জালে বল জড়িয়ে দেন, এরপর বদলি হিসেবে নামা মার্কাস র্যাশফোর্ড ৮৯ মিনিটে ভলিতে গোল করেন।
লিগে এখনও ৭ ম্যাচ বাকি থাকলেও রিয়ালের ফর্মহীনতায় শিরোপা ধরে রাখার পথে অনেকটাই এগিয়ে গেছে কোচ হান্সি ফ্লিকের শীষ্যরা।
আইএন