ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

টেবিল টেনিস

অনূর্ধ্ব ১৯-এ সেরা নাফিজ-খই খই; ১৫-তে মৃদুল-রোজা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৮:২০ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

টেবিল টেনিস ফেডারেশনের উদ্যোগে সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২৬ উপলক্ষে অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-১৫ বিভাগের প্রাথমিক বাছাই সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শীর্ষ আট খেলোয়াড়কে নিয়ে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে এই বাছাই অনুষ্ঠিত হয়।

বাছাই শেষে অনূর্ধ্ব-১৯ বালক বিভাগে দেশের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মোঃ নাফিজ ইকবাল এবং বালিকা বিভাগে খই খই সাই মারমা। অনূর্ধ্ব-১৫ বালক বিভাগে সেরা হয়েছেন মোঃ মৃদুল রহমান এবং বালিকা বিভাগে জান্নাত ইসলাম রোজা। চারজনই বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর টেবিল টেনিস বিভাগের শিক্ষার্থী।

এছাড়া প্রথম বাছাই পর্বে নাফিজ ইকবাল, খই খই সাই মারমা ও জান্নাত ইসলাম রোজা নিজ নিজ বিভাগে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবে ৩২ জন খেলোয়াড়ের মধ্য থেকে মোট ২৪ জনকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে। এর মধ্যে বিকেএসপির ১৭ জন, রংপুর জেলা ক্রীড়া সংস্থার ৩ জন, বাংলাদেশ সেনাবাহিনীর ২ জন, জেলা পুলিশের ১ জন এবং গ্রীন টিটির ১ জন রয়েছেন।

অনূর্ধ্ব-১৯ বালক বিভাগের বাকি নির্বাচিত খেলোয়াড়রা হলেন — আবুল হাসেম হাসিব, তাহমিদুর রহমান সাকিব, মাহতাবুর রহমান মাহি, মোঃ মনিরুল ইসলাম ও মোঃ জয় ইসলাম।

অনূর্ধ্ব-১৯ বালিকা বিভাগের অন্য নির্বাচিতরা হলেন — রেশমী তঞ্চংগ্যা, নুসরাত জাহান অনন্যা, ঐশী রহমান, মুসরাত জান্নাত সিগমা ও মোসাঃ বুলবুলি।

অনূর্ধ্ব-১৫ বালক বিভাগের বাকি খেলোয়াড়রা হলেন — মোঃ শাহীন আহম্মেদ, মোঃ রাব্বী ইসলাম, ফাহমিদ ফুয়াদ, তাহমিদুল ইসলাম পরশ ও রাহাত মাহমুদ নূর।

ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ এম মাকসুদ আহমেদ সনেট বলেন, চ্যাম্পিয়নশিপের সূচি এখনো ঘোষণা না হলেও আগেভাগেই দলকে প্রস্তুত রাখতে চায় ফেডারেশন। তিনি বলেন, ‘আমাদের অনূর্ধ্ব-১৯ দলের অনেকের জন্য এটি শেষ টুর্নামেন্ট। দেশের জন্য ভালো ফল বয়ে আনাই আমাদের লক্ষ্য।’

আগামী ২৬ ও ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় ও চূড়ান্ত বাছাই অনুষ্ঠিত হবে। এরপরই সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের জন্য জাতীয় দল ঘোষণা করা হবে।

আইএন