ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

মোহামেডানের নির্বাচন

সভাপতির একটিসহ ১৬টি মনোনয়নপত্র বিক্রি

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৭:১৭ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

আগামী ৯ মার্চ অনুষ্ঠিতব্য মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের নির্বাচনের বুধবার ছিল মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিন। মঙ্গলবার প্রথম দিনে কেউ মনোনয়নপত্র না তুললেও দ্বিতীয় দিনে বিক্রি হয়েছে ১৬টি। এর মধ্যে একটি সভাপতি ও বাকি ১৫টি পরিচালক পদের।

সভাপতি পদে মনোনয়নপত্র তুলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। ব্যক্তিগত সহকারীর মাধ্যমে দুপুরে মনোনয়নপত্র তুলেছেন বিএনপির এই শীর্ষ স্থানীয় নেতা। পরিচালক পদে যারা মনোনয়নপত্র তুলেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন ক্লাবটির সাবেক ডাইরেক্টর ইনচার্জ মো. লোকমান হোসেন ভুঁইয়া।

পরিচালক পদে মনোনয়নপত্র তোলা অন্য ১৪ জন হচ্ছেন-সাবেক পরিচালক আমিরুল ইসলাম বাবু, সাবেক পরিচালক সারওয়ার হোসেন, বর্তমান পরিচালক মাসুদুজ্জামান, সাবেক পরিচালক আবদুর রব মাহবুব, বর্তমান পরিচালক আবু হাসান চৌধুরী প্রিন্স, জামাল রানা, স্থায়ী সদস্য জহির আহমেদ, নাসির উদ্দিন চৌধুরী, মির্জা ইয়াসির আব্বাস, নিলোফার চৌধুরী মনি, সরকার মাহবুব আহমেদ, এম এ সালাম, খায়রুল কবির খোকন ও গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ আলমগীর (অব.)।

আগামী বৃহস্পতি ও শুক্রবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনের মনোয়নপত্র বিতরণ করা হবে। পাঁচ বছর পর হতে যাওয়া মোহামেডানের নির্বাচনে ৩৭১ জন ভোটার। পরিচালক ১৬ ও একজন সভাপতি পদের জন্য অনুষ্ঠিত হবে এই নির্বাচন।

মোহামেডানের সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০২১ সালে। ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর পর নির্বাচন হওয়ার কথা। তবে একটি মামলার কারণে নির্ধারিত সময়ের তিন বছর পর হতে যাচ্ছে দেশের ঐতিহ্যবাহী ক্লাবটির নির্বাচন।

সভাপতি পদে বরকত উল্লাহ বুলুকে ভোটের লড়াই করতে হবে, নাকি বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি ক্লাবের সভাপতি হতে যাচ্ছেন; তা বোঝা যাবে মনোনয়নপত্র বিতরণের শেষ দিনে।

আরআই/এমএমআর