ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

ইতিহাস গড়া ভলিবলের মেয়েরা পেলেন আর্থিক পুরস্কার

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৮:১৯ পিএম, ১৪ মার্চ ২০২৬

গত ডিসেম্বরে মালদ্বীপের মালে শহরে অনুষ্ঠিত হয় নারী কাভা কাপ ভলিবল টুর্নামেন্ট। ব্রোঞ্জ জিতে দেশের পক্ষে ইতিহাস গড়েছিল নারী ভলিবল দল। অসাধ্য সাধন করা সেই নারী ভলিবল খেলোয়াড়দের তিন মাস পর সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ভলিবল ফেডারেশন। যে সংবর্ধনা অনুষ্ঠানে প্রত্যেক খেলোয়াড়কে দেওয়া হয়েছে ২৫ হাজার টাকা করে পুরস্কার।

জাতীয় দলের স্কোয়াডে থাকা ১৪ জন নারী ভলিবল খেলোয়াড়ের প্রত্যেকেই প্রদান করা হয় ২৫ হাজার টাকা করে এবং ক্রেস্ট। কোচ, ম্যানেজার, নারী কো-অর্ডিনেটরসহ ৬ জনকেও প্রদান করা হয় ২০ হাজার করে টাকা ও ক্রেস্ট। পুরো টাকাটাই প্রদান করা ফেডারেশনের তহবিল থেকে।

রাজধানীর পল্টনে শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে শনিবার অনুষ্ঠিত হয় সংবর্ধনা অনুষ্ঠানটি। প্রধান অতিথি হিসেবে খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে আর্থিক পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম।

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ফারুক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মো. জাহেদ পারভেজ চৌধুরী, ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি এম এ লতিফ শাহরিয়ার জাহেদী, সাধারণ সম্পাদক বিমল ঘোষ ভুলু, সহ-সভাপতি মাছুদুল আলম, নারী ভলিবল কমিটির চেয়ারম্যান শারমিন হাসান তিথি, যুগ্ম সম্পাদক আব্দুল মুমিন সাদ্দাম, কোষাধ্যক্ষ ইমরান হায়দার কাঞ্চন এবং সদস্য সোহেল রানা লিংকন।

আরআই/এমএমআর