ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

রাফিনহার হ্যাটট্রিক, শিরোপার পথে আরও এগিয়ে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:২৮ এএম, ১৬ মার্চ ২০২৬

ব্রাজিলিয়ান তারকা রাফিনহার দুর্দান্ত হ্যাটট্রিকে বড় জয় পেয়েছে এফসি বার্সেলোনা। ঘরের মাঠে সেভিয়াকে ৫-২ গোলে উড়িয়ে দিয়ে স্প্যানিশ লা লিগার শীর্ষে চার পয়েন্টের ব্যবধান ধরে রেখেছে কাতালানরা। এই জয়ের ফলে শীর্ষ প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ওপর চাপ বজায় রাখল বার্সেলোনা। ২৮ ম্যাচে বার্সার পয়েন্ট ৭০ ও রিয়ালের ৬৬।

ম্যাচে রাফিনহার পাশাপাশি গোল করেন দানি ওলমো এবং হোয়াও ক্যানসেলো। কোচ হানসি ফ্লিকের দলটি এই ম্যাচে দারুণ ছন্দে খেলেছে, যা সামনে নিউক্যাসলের বিপক্ষে ইউরোপীয় প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আত্মবিশ্বাস বাড়াবে।

এটি ছিল বার্সেলোনার জন্য এক ধরনের প্রতিশোধও। গত অক্টোবরে সেভিয়ার মাঠে ৪-১ ব্যবধানে হেরেছিল কাতালানরা। তবে এবার পুরো ম্যাচেই প্রতিপক্ষকে ছাপিয়ে যায় তারা।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বার্সেলোনা। ৭ম মিনিটে পেনাল্টি পায় দলটি, যখন কানসেলোকে ডি-বক্সে ফাউল করেন জিবরিল সাও। পেনাল্টি থেকে ঠান্ডা মাথায় বল জালে পাঠান রাফিনহা।

২১ মিনিটে আবারও পেনাল্টি পায় বার্সেলোনা। এবারও ক্যানসেলোর আক্রমণে চাপে পড়ে সেভিয়ার রক্ষণভাগ। ডিফেন্ডার হোসে আঙ্গেল কারমোনা পিছলে গিয়ে হাতে বল লাগালে দ্বিতীয় পেনাল্টি দেন রেফারি। এবার জোরালো শটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনহা।

৩৮ মিনিটে ব্যবধান আরও বাড়ান দানি ওলমো। বাম দিক দিয়ে দারুণ আক্রমণ গড়ে তুলে নিচু ক্রস দেন মার্ক বার্নাল। বলটি সামান্য ডিফ্লেকশন হয়ে ওলমোর সামনে চলে এলে এক টাচে শট নিয়ে গোল করেন তিনি।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে একটি গোল শোধ করে সেভিয়া। হুয়ানলু সানচেস- এর দারুণ ক্রসে ভলি শটে গোল করেন ওসো।

দ্বিতীয়ার্ধে আবারও নিজেদের আধিপত্য দেখায় বার্সেলোনা। ৫১ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন রাফিনহা। ফারমিন লোপেজ-এর দারুণ আক্রমণ থেকে পাওয়া বল নিয়ে শট নিলে সেটি ডিফেন্ডার নেমানিয়া গুডেলজ-এর গায়ে লেগে জালে ঢুকে যায়।

৬০ মিনিটে অসাধারণ একক প্রচেষ্টায় গোল করেন হোয়াও কানসেলো। মাঝমাঠ থেকে বল নিয়ে দ্রুত এগিয়ে ডি-বক্সে ঢুকে গুডেলজকে কাটিয়ে গোলরক্ষক ওডিসেয়াস ভ্লাখোদিমোস-এর পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠান তিনি।

ম্যাচের শেষদিকে আরও কয়েকটি সুযোগ পেলেও গোল করতে পারেননি রবার্ট লেওয়ানডস্কি। যোগ করা সময়ে সেভিয়ার হয়ে সান্ত্বনার আরেকটি গোল করেন জিবরিল সাও।

এই ম্যাচে প্রায় ছয় মাস পর চোট কাটিয়ে মাঠে ফেরেন বার্সেলোনার তরুণ মিডফিল্ডার গাবি। হাঁটুর চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি। ম্যাচের ৮২ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন স্পেনের এই তারকা।

ম্যাচ শেষে কোচ হানসি ফ্লিক বলেন, ‘দলের পারফরম্যান্সে তিনি সন্তুষ্ট হলেও কিছু জায়গায় উন্নতির সুযোগ রয়েছে। সামনে গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় সবাইকে আরও মনোযোগী হতে হবে।’

অন্যদিকে মাঠে ফিরে আবেগাপ্লুত হয়ে গাবি বলেন, দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া তার জন্য খুব কঠিন ছিল। তবে আবার নিজের প্রিয় মাঠে খেলতে পেরে তিনি ভীষণ আনন্দিত। তিনি আরও জানান, কঠিন সময়জুড়ে কোচ ফ্লিক সবসময় তার পাশে ছিলেন এবং তাকে সমর্থন দিয়েছেন।

আইএইচএস/