ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

নিয়মিত অধিনায়ককে ছাড়াই বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড দল

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০:০৫ এএম, ৩১ মার্চ ২০২৬

প্রায় দুই বছর পর বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সবশেষ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশ সফর করেছিল দলটি। এবার সমান ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী ১৩ই এপ্রিল ঢাকায় আসবে নিউজিল্যান্ড দল। বাংলাদেশের মাটিতে সাদা বলের দুই সিরিজকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে কিউইরা।

স্কোয়াডে চোট কাটিয়ে ফিরেছেন একাধিক পেসার ম্যাথু ফিশার, উইল ও'রুর্ক, ব্লাইর টিকনার। পাশাপাশি অফস্পিনিং অলরাউন্ডার ডিন ফক্সক্রফট দলে ফিরেছেন প্রায় এক বছর পর। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার জন্য এই সিরিজে থাকছেন না নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার। কিউইদের নেতৃত্ব দেবেন টম লাথাম।

চোট কাটিয়ে ও’রুর্কে তিনটি ওয়ানডে ম্যাচে ফিরছেন, ফিশার খেলবেন টি-টোয়েন্টি সিরিজে। আর টিকনারকে রাখা হয়েছে দুই স্কোয়াডেই।

নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার বলেন, ‘ও’রুর্কে, টিকনার ও ফিশার গত কয়েক মাস ধরে কঠোর পরিশ্রম করেছে দলে ফেরার জন্য। তাদের ফিরে পাওয়া আমাদের জন্য দারুণ খবর। আধুনিক ক্রিকেটে প্রচুর ম্যাচ হওয়ায় বোলিং আক্রমণে গভীরতা খুবই গুরুত্বপূর্ণ।’

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই দলে ফিরেছেন ফক্সক্রফট। ফোর্ড ট্রফিতে চ্যাম্পিয়ন সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে ১১ ইনিংসে ৪৩৫ রান করে টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন তিনি।

আগামী ১৩ এপ্রিল ঢাকায় পৌঁছাবে নিউজিল্যান্ড দল। ১৭ ও ২০ এপ্রিল মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রথম দুই ওয়ানডে। তৃতীয় ওয়ানডে ২৩ এপ্রিল চট্টগ্রামে।

এরপর ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে হবে প্রথম দুই টি-টোয়েন্টি। শেষ ম্যাচটি ২ মে আবার ঢাকায় অনুষ্ঠিত হবে।

নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড

টম লাথাম (অধিনায়ক), মোহাম্মদ আব্বাস, আদি অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রুর্কে, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ইয়ং

নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড

টম ল্যাথাম (অধিনায়ক), ক্যাটেন ক্লার্ক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ম্যাথিউ ফিশার, ডিন ফক্সক্রফট, বেভিন জ্যাকবস, নিক কেলি, জেডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ইশ সোধি, ব্লেয়ার টিকনার

আইএন