ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

সাউথ এশিয়ান টেবিল টেনিসে স্বর্ণসহ বাংলাদেশের ঝুলিতে ৮ পদক

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ১২:৪০ পিএম, ১১ এপ্রিল ২০২৬

সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের প্রথম তিন দিনে মোট ৮টি পদক জিতেছে বাংলাদেশ। যার মধ্যে একটি করে স্বর্ণ ও রৌপ্যসহ বাকি ৬টি পদক ব্রোঞ্জ। প্রতিযোগিতার শেষ দিনে পদকের সংখ্যা ও মান আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

গতকাল (১০ এপ্রিল) বাংলাদেশ একটি রৌপ্যসহ আরও ৫টি ব্রোঞ্জ পদক নিশ্চিত করে। এর আগে বৃহস্পতিবার দলগত ইভেন্টে অনূর্ধ্ব-১৯ বালক দল স্বর্ণপদক জেতে এবং গ্রুপ পর্যায়ে তৃতীয় হয়ে ব্রোঞ্জ অর্জন করে অনূর্ধ্ব-১৫ বালক দল।

দলগত ইভেন্টের ফলাফলটা আশানুরূপ না হলেও একক ইভেন্টে এখনও পদকের লড়াইয়ে টিকে আছেন বাংলাদেশের এক নম্বর বালিকা খেলোয়াড় খই খই মারমা। অনূর্ধ্ব-১৯ বালক বিভাগে নাফিজ ইকবাল, আবুল হাশেম হাসিব এবং অনূর্ধ্ব-১৫ বালক বিভাগে মো. মিদুল রহমান প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছেন।

একক ইভেন্টের ফলাফল

ভারতের অনন্যা মুরালিধরনের কাছে অনূর্ধ্ব-১৯ বালিকা এককে খই খই মারমা ৩-০ সেটে হেরে গেলেও গ্রুপ রানার্সআপ হয়েছেন মালদ্বীপের মোহাম্মদ ইব্রাহিম মিশকাতকে ৩-২ সেটে হারিয়ে। কোয়ার্টার ফাইনালে তিনি মুখোমুখি হবেন শ্রীলঙ্কার শামালশা হালাওয়াথাগের।

অনূর্ধ্ব-১৯ বালক এককে টুর্নামেন্টের সর্বোচ্চ র‍্যাঙ্কধারী প্রিয়ানুজ ভট্টাচার্যের কাছে ০-৩ সেটে পরাজিত অয়েছেন নাফিজ ইকবাল। তবে মালদ্বীপের এয়ন ইব্রাহিমকে একই ব্যবধানে হারিয়ে গ্রুপ রানার্সআপ হন তিনি। কোয়ার্টার ফাইনালে তিনি নেপালের হিমাল বিস্তার মুখোমুখি হবেন।

অন্যদিকে আবুল হাশেম হাসিব নেপালের হিমাল বিস্তার কাছে হেরে গেলেও পরবর্তীতে শ্রীলঙ্কার হারিন মুনাসিংহ এবং মালদ্বীপের মোহাম্মদ রাফিউকে ৩-০ সেটে হারিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছেন। কোয়ার্টারে তার প্রতিপক্ষ শ্রীলঙ্কার আকাইন রাজাভেলু।

অনূর্ধ্ব-১৫ বালক এককে মো. মিদুল রহমান ভারতের অক্ষয় কিরিকারারের কাছে ০-৩ সেটে হেরে গেলেও নেপালের বিরুদ্ধে ৩-২ সেটে জিতে গ্রুপ রানার্সআপ হন। প্রি-কোয়ার্টারে তার প্রতিপক্ষ শ্রীলঙ্কার সানন মেনুয়েলগে।

দ্বৈত এবং মিশ্র দ্বৈতের ফলাফল

অনূর্ধ্ব-১৫ বালক দ্বৈতে মো. শাহীন আহমেদ ও মো. মিদুর রহমান মালদ্বীপের মোহাম্মদ রাফিউ ও ফাজ লতিফ জুটিকে ৩-২ সেটে হারান। তবে সেমিফাইনালে তারা ভারতের রিসান চট্টোপাধ্যায় ও আকাশ রাজাভেলু জুটির কাছে ১-৩ সেটে পরাজিত হয়ে ব্রোঞ্জ নিশ্চিত করেন।

অনূর্ধ্ব-১৫ বালিকা দ্বৈতে মোসা. রাফিয়া চৌধুরী ও রোজা ইসলাম কোয়ার্টার ফাইনালে বাই পেয়ে সেমিফাইনালে ওঠেন। সেখানে তারা নেপালের আরসানা মহারাজ ও সুরম্য শাক্য জুটির কাছে ১-৩ সেটে হেরে ব্রোঞ্জ পান।

অনূর্ধ্ব-১৯ বালক দ্বৈতে কোয়ার্টার ফাইনালে মালদ্বীপ জুটিকে ৩-০ সেটে হারান নাফিজ ইকবাল ও আবুল হাশেম হাসিব। সেমিফাইনালে তারা নেপালের হিমাল বিস্তা ও এরিশ শাক্য জুটিকে ৩-১ সেটে পরাজিত করে বাংলাদেশের জন্য রৌপ্য নিশ্চিত করেন। ফাইনালে তারা ভারতের বিপক্ষে খেলবেন।

অনূর্ধ্ব-১৯ বালিকা দ্বৈতে খই খই সাই মারমা ও রেশমী তৈঞ্চঙ্গা সেমিফাইনালে নেপালের বিপক্ষে ০-৩ সেটে হেরে ব্রোঞ্জ অর্জন করেন।

মিশ্র দ্বৈতে অনূর্ধ্ব-১৫ বিভাগে মো. মিদুল রহমান ও রোজা ইসলাম নেপালের রিভান বজ্রাচার্য ও সুরম্য শাক্য জুটিকে ৩-২ সেটে হারিয়ে সেমিফাইনালে উঠে আরও একটি ব্রোঞ্জ নিশ্চিত করেন। সেমিফাইনালে তারা ভারতের বিপক্ষে খেলবেন।

অনূর্ধ্ব-১৯ মিশ্র দ্বৈতে আবুল হাশেম হাসিব ও খই খই সাই মারমা সেমিফাইনালে পৌঁছে ব্রোঞ্জ নিশ্চিত করেছেন। সেখানে তাদের প্রতিপক্ষ মালদ্বীপের জুটি।

অন্যান্য ফলাফল

সিঙ্গেলস ইভেন্টে রেশমী তৈঞ্চঙ্গা (অনূর্ধ্ব-১৯), রাফিয়া চৌধুরী (অনূর্ধ্ব-১৫), রোজা ইসলাম ও শাহীন আহমেদ প্রি-কোয়ার্টার পর্যন্ত পৌঁছাতে ব্যর্থ হন।

আইএইচএস/আইএন