ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

পিছিয়ে থেকেই এলক্লাসিকোতে নামবে রিয়াল

প্রকাশিত: ০৪:৩২ পিএম, ৩১ মার্চ ২০১৬

লিগ টেবিলে তিন নাম্বারে রিয়াল মাদ্রিদ। দশ পয়েন্টের ব্যবধান শীর্ষে দু’দলের মাঝে। পার্থক্যটা পয়েন্টে বোঝা গেলেও মাঠের খেলায় যে কেউ কাউকে ছাড় দিতে নারাজ! কোপা ডেল রে থেকে বিদায় নিলেও লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগে এখনো টিকে রয়েছে রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে দশ পয়েন্টে পিছিয়ে রইলেও এই ম্যাচ জিতলেই আবারো লিগ জয়ের সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে জিনেদিন জিদানের দলের সামনে।

অন্যদিকে টানা ৩৯ ম্যাচ জিতে ফর্মের তুঙ্গে রয়েছে বার্সেলোনা। মেসি-নেইমার-সুয়ারেজের মিশেলে গড়া আক্রমণভাগ যে কোন দলকে গুঁড়িয়ে দেয়ার ক্ষমতা রাখে। মৌসুমের প্রথম এল ক্লাসিকোতেও বড় ব্যবধানে রিয়াল মাদ্রিদকে হারিয়েছিল বার্সা। তাছাড়া ন্যু ক্যাম্পে শেষ তিনটি এল ক্লাসিকোর একটিতেও জিততে পারেনি রিয়াল মাদ্রিদ।

মানসিকভাবে দুই দলই চাঙ্গা রয়েছে। দুই দলের প্রধান খেলোয়াড়রা ইনজুরি থেকে ফিরেছেন পাশাপাশি তাদের দেশের হয়েও ভালো ম্যাচ উপহার দিয়েছেন মেসি-রোনালদোরা। যদিও বার্সেলোনার ডিফেন্ডার ম্যাথিউ ইনজুরিতে পরে ৫ মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন।

মেসি-রোনালদোর লড়াইয়ের বিপরীতে মনস্তাত্ত্বিক লড়াই চলবে রিয়াল কোচ জিদান এবং বার্সেলোনা কোচ লুইস এনরিকের মাঝে। কেননা এই দুইজনই এক সময় ফুটবলার হিসেবে এল ক্লাসিকোতে একে অপরের মুখোমুখি হয়েছিলেন। এবার কোচ হিসেবে মুখোমুখি হওয়ার পালা।

অবশ্য জিদানের জন্য একটা চ্যালেঞ্জও বলা যেতে পারে এল ক্লাসিকোকে। রিয়াল শেষ পাঁচ কোচই তাদের প্রথম এল ক্লাসিকতে হেরেছিল। কোচ হিসেবে জিদানের প্রথম এল ক্লাসিকো কেমন হবে সেটা সময়ই বলে দিবে কিন্তু সবদিক দিয়েই যে রিয়াল পিছিয়ে থেকে মাঠে নামবে সেটা বলাবাহুল্য।

আরআর/আইএইচএস/আরআইপি

আরও পড়ুন