বিজয়, নাইম শেখ ও পারভেজ ইমন এবার মোহামেডানে!
পরপর কয়েক বছর হিসেব না কষে দল সাজিয়ে শেষ পর্যন্ত সাফল্যের মুখ দেখেনি মোহামেডান। মাঝে কয়েক বছর সাকিব, মাহমুদউল্লাহ, মিরাজ, তাসকিন, সৌম্য সরকারের মতো নামী ও দামি তারকার মেলা বসিয়েও সাফল্য মেলেনি।
এর বড় কারণ হলো, মোহামেডান যাদের ওপর নির্ভর করে দল সাজিয়েছে, তাদের মূল অংশটা হয় টেস্ট কিংবা ওয়ানডে বা টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলের কমিটমেন্টের কারণে নিয়মিত মোহামেডানকে সার্ভিস দিতে পারেননি। যে কারণে নির্ভরযোগ্য ও তারকাদের ছাড়া মোহামেডান দুর্বল দল হয়ে পড়ে। মাঠেও কাঙ্ক্ষিত সাফল্য পায়নি।
এবার সাদা-কালো শিবির তুলনামূলক হিসেব কষেই দল সাজাতে যাচ্ছে। হেড কোচ মিজানুর রহমান বাবুলের সঙ্গে কথা বলে মনে হলো, মোহামেডান এবার আগে ভাগে কাদের সার্ভিস বেশি পাওয়া যাবে, তা নিশ্চিত হয়ে ক্রিকেটার নির্বাচন এবং দলে টানার চেষ্টা করছে।
তাই খুব বেশি বড় ও নামী তারকার চেয়ে যারা ঢাকা প্রিমিয়ার লিগে ভালো পারফরমার হিসেবে বিবেচিত ও প্রতিষ্ঠিত এবং যারা তিন ফরম্যাটের যে কোনো একটিতে বিশেষ করে মে মাসে লিগ চলাকালীন জাতীয় দলের পক্ষে খেলতে পারেন, সেই সব ক্যাটাগরির দিকে এবার নজর কম সাদা-কালোদের।
আর তাই মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ ও মোস্তাফিজের প্রতি এবার আগ্রহ কম মোহামেডানের। নাজমুল হোসেন শান্তর দিকে নজর ছিল সাদা-কালো কর্তাদের। তবে শান্ত অনেক হাই ডিমান্ড (৭৫ লাখ টাকা) করায় তাকে আর পেতে আগ্রহ দেখায়নি মোহামেডান। এনামুল হক বিজয় আর নাইম শেখকে পেতেই মুখিয়ে মোহামেডান।
মুশফিকুর রহিম টেস্ট দলের অপরিহার্য সদস্য। মেহেদি হাসান মিরাজও টেস্ট ও ওয়ানডে দলের অটোমেটিক চয়েজ। এবার তাদের সার্ভিস সেভাবে পাওয়া যাবে কি না, এই সংশয়ে মুশফিক আর মিরাজের দিকে মোহামেডানের আগ্রহ কম বলেই মনে হচ্ছে।
টপ অর্ডারে নারায়ণগঞ্জের দুই ওপেনার রনি তালুকদার আর আনিসুল ইসলাম ইমনকে তাই ধরে রেখে, সঙ্গে নাইম শেখ, এনামুল হক বিজয়কে দলে নেওয়ার কাজ মোটামুটি নিশ্চিত করেছে মোহামেডান। বিজয় আর নাইম শেখ গত ২-৩ লিগের অন্যতম সেরা ও সফল ব্যাটার। তাদের দুজনকেই এবার হয়তো মোহামেডানের হয়ে খেলতে দেখা যাবে।
সঙ্গে তাওহিদ হৃদয় এবারও মোহামেডানেই খেলবেন। এর বাইরে পারভেজ হোসেন ইমনের মোহামেডানে খেলা নিশ্চিত- এমনটাই দাবি কোচ বাবুলের। সঙ্গে আরেক বাঁহাতি আফিফ হোসেন ধ্রুবকেও নিচ্ছে সাদা-কালোরা। এখানেই শেষ নয়। মিডল অর্ডারে ইয়াসির আলী রাব্বি আর তাইবুর রহমান পারভেজও এবার মোহামেডানে নাম লেখাচ্ছেন।
এ ছাড়া লেগস্পিন গুগলি বোলার রিশাদ হোসেনকেও এবার দলে টানছে মোহামেডান। বাঁ-হাতি স্পিনার তাইজুলের সঙ্গে অফস্পিনার নাইম আহমেদ এবং সময়ের অন্যতম ইনফর্ম পেসার রিপন মন্ডলকেও দলে নেওয়ার সব কাজ চূড়ান্ত। তাদের এবার সাদা-কালো শিবিরেই দেখা যাবে।
সঙ্গে তাসকিনকেও পেতে আগ্রহী মোহামেডান। গতবার খেলা সাইফউদ্দিন এবারও মোহামেডানেই থাকছেন- এমনটাই নিশ্চিত করেছেন মোহামেডান কোচ মিজানুর রহমান বাবুল। আগেরবার আহত হয়ে মাঠের বাইরে ছিটকে পড়া পেসার মুশফিক হাসানও হয়তো এবার মোহামেডানেই থাকবেন।
এআরবি/আইএইচএস