ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

লড়ছে ওয়েস্ট ইন্ডিজও

প্রকাশিত: ০৪:৪১ পিএম, ৩১ মার্চ ২০১৬

১৯২ রানের বিশাল স্কোরের নীচে চাপা পড়ে যেন ম্যাচের মাঝ পথেই হেরে বসেছে ওয়েস্ট ইন্ডিজ। সেমিফাইনাল থেকেই তবে বিদায় ক্যারিবীয়দের! আবার দ্বিতীয় ওভারেই যখন জসপ্রিত বুমরাহের বলে ক্রিস গেইল বোল্ড হয়ে যাওয়ার পর সম্ভাবনাটা প্রায় শেষই হয়ে যাচ্ছিল ক্যারিবীয়দের। কিন্তু জনসন চার্লস আর লেন্ডল সিমন্সের বলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে ক্যারিবীয়রা। ভারতের বিশাল রানের জবাব দিচ্ছে তারাও।

টস হেরে ব্যাট করতে নেমে ভারতীয় ব্যাটসম্যানরা রানের পাহাড় গড়ে তোলে। বিরাট কোহলির ৮৯ রানের ওপর ভর করে ১৯২ রান করে তারা। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারের প্রথম বলেই বোল্ড হয়ে যান গেইল। ১৯ রানের মাথায় ওয়েস্ট ইন্ডিজের আরেক ইনফর্ম ব্যাটসম্যান মারলন স্যামুয়েলস। গেইল না পারলেও স্যামুয়েলসের ব্যাটেই জয়ের স্বপ্ন ছিল ক্যারিবীয়দের। কিন্তু নেহরার বলে ৮ রান করে তিনিও যখন আউট হয়ে যান তখন হতাশা বাড়ে ক্যারিবীয় শিবিরে।

তবে সিমন্স আর জনসনের দুর্দান্ত জুটি আবারও খেলায় ফিরিয়েছে তাদেরকে। ৯৭ রানের জুটি গড়েন তারা দু’জন। তবে ১৪তম ওভারে এসে বিরাট কোহলিকে আক্রমনে নিয়ে আসেন মহেন্দ্র সিং ধোনি। এসেই ব্রেক থ্রু এনে দেন ভারতকে। ৫২ রান করা চার্লস জনসন লং অনে রোহিত শর্মার হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান। ৩৬ বলে খেলা এই ইনিংসে ৭টি বাউন্ডারি এবং ২টি ছক্কার মার ছিল।

এ রিপোর্ট লেখার সময় ওয়েস্ট ইন্ডিজের রান ১৩.১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১১৬। উইকেটে রয়েছেন লেন্ডল সিমন্স ৪৭ রান নিয়ে এবং আন্দ্রে রাসেল।

আইএইচএস/আরআইপি

আরও পড়ুন