ওয়ানডে ক্রিকেটকে ইলিয়টের বিদায়
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার গ্রান্ট ইলিয়ট। ওয়ানডেকে বিদায় জানালেও টি-টোয়েন্টি নিয়ে এখনও কিছু বলেননি ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের এই সদস্য।
ইলিয়ট বলেন, ‘আমি নিজেকে নিয়ে পুনর্মূল্যায়ন করতে চাই। দেখি কি ঘটে। আমি এখনো ক্রিকেট উপভোগ করছি। তাই টি-টোয়েন্টির ভবিষ্যৎ নিয়ে এখনই সিদ্ধান্ত নিচ্ছি না।’
গত বছর ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে ডেল স্টেইনের বলে দুর্দান্ত এক ছক্কা মেরে নিউজিল্যান্ডকে ফাইনালে তোলার জন্য স্মরণীয় হয়ে থাকবেন ইলিয়ট। গত ফেব্রুয়ারিতে ঘরের মাঠ হ্যামিল্টনে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা ম্যাচটিই তার শেষ ওয়ানডে ম্যাচ হয়ে রইলো।
প্রসঙ্গত, নিউজিল্যান্ডের হয়ে ৫টি টেস্ট, ৮৩টি ওয়ানডে ও ১৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়েছেন ইলিয়ট। ২০০৯ সালের ডিসেম্বর থেকেই টেস্ট দলের বাইরে রয়েছেন তিনি। ওয়ানডেকে বিদায় জানানোর পর কেবল টি-টোয়েন্টি ক্যারিয়ারই বাকি থাকল এই কিউই অলরাউন্ডারের।
এমআর/পিআর