‘আগে মানুষ আমাদের চিনতই না’
জীবন বাজি রেখে খেলতে গিয়েছিলেন পাকিস্তানে। তারপর দেশে এসে আবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পাড়ি জমিয়েছিলেন জাহানারা আলমরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে একটি ম্যাচও জিততে পারেনি। কোন ম্যাচ না জিততে পারায় হতাশ হয়েছিলেন বাংলাদেশের নারী ক্রিকেট দলের অধিনায়ক জাহানারা আলম।
বৃহস্পতিবার হয়েছে নারীদের প্রিমিয়ার লিগের দলবদল। এবারও আবাহনীতেই খেলছেন এই অলরাউন্ডার। আবাহনীর হয়ে ভালো পারফর্ম করতে মুখিয়ে রয়েছেন তিনি। দেশের শীর্ষস্থানীয় এক দৈনিককে দেয়া সাক্ষাৎকারে জাহানারা আলম বলছেন, ‘নিজের লক্ষ্য ভালো অলরাউন্ড পারফর্ম করা। বোলিংটা সব সময়ই আমার শক্তির জায়গা, সেটাতে ভালো করার পাশাপাশি ব্যাট হাতেও দলের জন্য অবদান রাখতে চাই।’
বিশ্বের অন্যান্য দেশে যেখানে নারীদের নিয়ে টি-টোয়েন্টি লিগ হচ্ছে সেখানে পিছিয়ে রয়েছে বাংলাদেশের নারীরা। নারীদের বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগ হয়েছে কিছুদিন। সে আলোকে বাংলাদেশেও যদি এমন বিপিএল হতো তাহলে নারী ক্রিকেটের অনেক উন্নতি হতো বলে আশা ব্যক্ত করেছেন জাহানারা। ‘আমরা ঘরে যদি বেশি বেশি প্রতিযোগিতামূলক ও প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলতে পারি, তাহলে আমাদের সামর্থ্য অনেক বাড়বে। সামনে আমাদের ৫০ ওভারের বিশ্বকাপের জন্য বাছাই পর্বে খেলতে হবে। এরকম কোনো আয়োজন হলে অনেক মেয়ে খেলার সুযোগ পাবে। এতে করে বাংলাদেশের নারী ক্রিকেটারের সংখ্যাও বাড়বে।’
দেশের প্রতিনিধিত্ব করা এই নারী ক্রিকেটারদের তেমন পরিচিতি ছিল না বাংলাদেশে। কিন্তু এবার বিশ্বকাপ টি-টোয়েন্টির ম্যাচগুলো টিভিতে দেখানোয় অনেকে তাদের চিনতে পেরেছে বলে মনে করেন জাহানারা। ‘টিভিতে খেলা দেখিয়েছে। আমরা দেশের জন্য খেলি অথচ দেশের অনেক মানুষই আগে আমাদের চিনত না। এখন আমাদের আগের চেয়ে অনেক বেশি মানুষ চেনে।’
আরআর/আইএইচএস/এমএস
সর্বশেষ - খেলাধুলা
- ১ এই সিরিজেও কি পানি টানতে হবে সৌম্যকে?
- ২ রাফিনহার অভিযোগ- ‘বার্সেলোনার কাছ থেকে ম্যাচটা ছিনতাই করা হয়েছে’
- ৩ সিমন্সের চোখে ‘ট্রাম্প কার্ড’, নাহিদ রানার প্রশংসায় নিউজিল্যান্ড কোচও
- ৪ নিউজিল্যান্ডের এই দলকে ‘দ্বিতীয় সারির’ মানতে নারাজ সিমন্স
- ৫ ‘এখন আর কিছুতেই অবাক হই না’, বারবার বিসিবি সভাপতি বদল প্রসঙ্গে সিমন্স