ভিডিও ENG
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০৬:০০ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৬

থাইল্যান্ডের ব্যাংককে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড স্টেম ইনভেনশান ইনোভেশান ২০২৬’ এর আন্তর্জাতিক পর্ব অনুষ্ঠিত হয় আজ ১ ফেব্রুয়ারি। এই প্রতিযোগিতায় বাংলাদেশ দল স্বর্ণপদকসহ একাধিক পদক অর্জন করেছে।

বাংলাদেশ ইয়াং সাইন্টিস্ট অ্যান্ড ইনোভেটরস সোসাইটি (বাইসিস) এর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল ‘বেঙ্গল স্পার্ক ১.০’ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় এক হাজার প্রতিযোগী অংশগ্রহণ করে এই আয়োজনে। প্রতিযোগিতাটি মালেশিয়া বুক অব রেকর্ডস কর্তৃক রেকর্ড সংখ্যক প্রতিযোগীর অংশ নেওয়া আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতার স্বীকৃতি লাভ করেছে।

বাংলাদেশ প্রতিনিধি দলের পক্ষে কম্পিউটিং, এআই অ্যান্ড ডিজিটাল ইনোভেশান ক্যাটাগরিতে সেরা উদ্ভাবনী প্রজেক্ট হিসেবে স্বর্ণপদক ও বিশেষ সম্মাননা অর্জন করেছে টিম এংলো ভয়েস। এছাড়াও একই ক্যটাগরিতে সেরা পাঁচে অবস্থান করে স্বর্ণপদক অর্জন করেছে টিম আলো ও ভিশন এইড। রবোটিক্স অ্যান্ড ড্রোন ক্যাটাগরিতে চুয়াডাঙ্গা সাইন্স অ্যান্ড রবোটিক্স ক্লাব স্বর্ণপদক, লাহি রবোটিক্স অ্যান্ড ইন্টেলিজেন্স ব্রোঞ্জ পদক ও টিম নোভাট্রিক্স সিলভার পদক অর্জন করেছে। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ক্যাটগরিতে সিলভার পদক অর্জন করেছে টিম ইয়াং স্পার্ক অব বাংলাদেশ।

বৈশ্বিক এ প্রতিযোগিতার আয়োজক মালেশিয়া ইয়াং সাইন্টিস্ট অর্গানাইজেশন (মাইসো) এর পক্ষ থেকে বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান ও বাইসিস-এর সভাপতি মোসাদ্দেক হোসেনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন থাইল্যান্ডে নিযুক্ত মালেশিয়ার হাই কমিশনার দাতুক ওয়ান জাইদি ওয়ান আব্দুল্লাহ ও মাইসো'র সভাপতি ড. রাজমি বিন আব্দু রাজ্জাক। বাংলাদেশ প্রতিনিধি দলের সার্বিক ও পরিচালনা সমন্বয়ের দায়িত্বে ছিলেন বাইসিস এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর সাদেকুল ইসলাম ও ওমর মারওয়ান।

আরও পড়ুন
সোশ্যাল মিডিয়া নজর রাখছে আপনার ব্যক্তিগত জীবনেও
সত্যিই কি ভবিষ্যতে ফোন-কম্পিউটার থাকবে না?

কেএসকে

আরও পড়ুন