ভিডিও ENG
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

ঘরে বসে কোন অনলাইন সাইট থেকে কী কিনবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০৫:২২ পিএম, ০২ এপ্রিল ২০২৬

ডিজিটাল প্রযুক্তির দ্রুত বিকাশে বাংলাদেশে কেনাকাটার ধরনেও এসেছে বড় পরিবর্তন। আগে যেখানে প্রয়োজনীয় পণ্য কিনতে বাজার বা শপিং মলে যেতে হতো, এখন স্মার্টফোন বা কম্পিউটারের কয়েকটি ক্লিকেই ঘরে বসে কেনা যায় প্রায় সবকিছু।

পোশাক, ইলেকট্রনিক্স, বই, গ্রোসারি থেকে শুরু করে গৃহস্থালির নিত্যপ্রয়োজনীয় পণ্য সবই পাওয়া যাচ্ছে অনলাইনে। ফলে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ই-কমার্স প্ল্যাটফর্মগুলো। বাংলাদেশের অনলাইন বাজারে অনেক সাইট থাকলেও কিছু প্ল্যাটফর্ম ক্রেতাদের কাছে বিশেষভাবে পরিচিত ও নির্ভরযোগ্য হয়ে উঠেছে।

করোনার সময় থেকে অনলাইন কেনাকাটায় এসেছে জোয়াড়। ফলে নতুন নতুন ই-কমার্স সাইট চালু হচ্ছে, বাড়ছে গ্রাহকের সংখ্যা। ই-কমার্স এখন বাংলাদেশের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। সময় বাঁচানো, সহজ পেমেন্ট ব্যবস্থা এবং ঘরে বসে পণ্য পাওয়ার সুবিধার কারণে এই খাত দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে।

jagonewsদেশে বেশ কিছু ই-কমার্স সাইট আছে। যেমন-দারাজ, অথবা ডটকম, রকমারি থেকে শুরু আরও বেশি কিছু সাইট। আবার বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের অনলাইন স্টোর রয়েছে। আসুন কোন সাইটে কী ধরনের পণ্য পাবেন সেই সম্পর্কে কিছুটা ধারণা নেওয়া যাক। এতে আপনার অনলাইন কেনাকাটা আরও স্বাচ্ছন্দ্যময় ও আনন্দময় হতে পারে-

দারাজ বাংলাদেশ

বাংলাদেশের সবচেয়ে বড় ই-কমার্স মার্কেটপ্লেসগুলোর একটি হলো দারাজ বাংলাদেশ। এখানে পোশাক, ইলেকট্রনিক্স, মোবাইল ফোন, ল্যাপটপ, হোম অ্যাপ্লায়েন্স, কসমেটিকস, গ্রোসারি প্রায় সব ধরনের পণ্য পাওয়া যায়। বিভিন্ন ব্র্যান্ড ও বিক্রেতা এই প্ল্যাটফর্মে তাদের পণ্য বিক্রি করে। ক্রেতারা ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করে সহজেই পণ্য খুঁজে নিতে পারেন। পছন্দের পণ্য কার্টে যোগ করে ঠিকানা ও পেমেন্ট পদ্ধতি নির্বাচন করলে অর্ডার সম্পন্ন হয়। পেমেন্টের ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি, বিকাশ বা কার্ডের সুবিধা রয়েছে।

অথবা ডটকম

ই-কমার্স সাইটের অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম অথবা ডটকম। এই প্ল্যাটফর্মে স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ, হেডফোন, পোশাক, ইলেকট্রনিক্স, মোবাইল ফোন, ল্যাপটপ, হোম অ্যাপ্লায়েন্স, কসমেটিকস, গ্রোসারি প্রায় সব ধরনের পণ্য পাওয়া যায়। অনেক ক্ষেত্রে ব্র্যান্ডের অফিসিয়াল ওয়ারেন্টি এবং কিস্তিতে কেনার সুবিধাও দেওয়া হয়, যা প্রযুক্তিপ্রেমীদের কাছে এটিকে জনপ্রিয় করে তুলেছে।

jagonews

আজকের ডিল

বাজেটের মধ্যে বিভিন্ন ধরনের পণ্য কেনার জন্য জনপ্রিয় আরেকটি প্ল্যাটফর্ম হলো আজকেরডিল। এই সাইটে পোশাক, গয়না, ফ্যাশন অ্যাকসেসরিজ, গৃহস্থালির পণ্য, ছোটখাটো গ্যাজেটসহ নানা ধরনের জিনিস পাওয়া যায়। বিশেষ করে ডিসকাউন্ট অফার ও ফ্ল্যাশ সেলের কারণে অনেকেই কম দামে পণ্য কেনার জন্য এই প্ল্যাটফর্ম ব্যবহার করেন। এখানে কেনাকাটার প্রক্রিয়াও প্রায় একই অ্যাকাউন্ট খুলে পণ্য নির্বাচন করে অর্ডার দিলে নির্দিষ্ট সময়ে ডেলিভারি পাওয়া যায়।

রকমারি ডটকম

অনলাইনে বই কেনার ক্ষেত্রে সবচেয়ে পরিচিত প্ল্যাটফর্ম হলো রকমারি ডটকম। বাংলা ও ইংরেজি দুই ভাষারই হাজার হাজার বই এখানে পাওয়া যায়। এছাড়া স্টেশনারি, উপহার সামগ্রী ও শিক্ষাসামগ্রীও বিক্রি হয়। বইপ্রেমীদের কাছে এটি বিশেষ জনপ্রিয়, কারণ এখানে লেখক, প্রকাশনা বা বিষয়ভিত্তিকভাবে সহজে বই খুঁজে পাওয়া যায় এবং প্রায়ই বিশেষ ছাড়ও থাকে। তবে শুধু বই বা শিক্ষাসামগ্রী নয় কসমেটিকস, ইলেকট্রনিক্স পণ্য, হোম অ্যাপ্লায়েন্স, স্মার্টফোনও এখান থেকে কিনতে পারবেন।

jagonews

আলিবাবা বাংলাদেশ

আলিবাবা বিশ্বের অন্যতম বড় অনলাইন পাইকারি মার্কেটপ্লেস, যেখানে বিভিন্ন দেশের উৎপাদক ও সরবরাহকারীরা তাদের পণ্য বিক্রি করেন। বাংলাদেশেও এখন এই প্ল্যাটফর্মটি রয়েছে। তবে এখানে আপনি দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের পণ্য কিনতে পারবেন। আলিবাবায় পোশাক ও ফ্যাশন পণ্য, ইলেকট্রনিক্স ও মোবাইল অ্যাকসেসরিজ, গৃহস্থালি ও রান্নাঘরের সামগ্রী, কসমেটিকস ও বিউটি পণ্য, খেলনা এবং বিভিন্ন ধরনের শিল্প যন্ত্রপাতি পাওয়া যায়। এমকি এই প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদেশ থেকে সরাসরি পণ্য আমদানি করেন ব্যবসাও করতে পারবেন যে কেউ।

অনলাইনে কেনাকাটা করার প্রক্রিয়াটি সাধারণত বেশ সহজ। প্রথমে নির্দিষ্ট সাইট বা অ্যাপে গিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে হয়। এরপর সার্চ অপশনের মাধ্যমে পছন্দের পণ্য খুঁজে বের করে কার্টে যোগ করতে হয়। পরে ডেলিভারি ঠিকানা ও পেমেন্ট পদ্ধতি নির্বাচন করে অর্ডার নিশ্চিত করা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে কুরিয়ার বা ডেলিভারি সার্ভিসের মাধ্যমে পণ্য ক্রেতার ঠিকানায় পৌঁছে যায় তার পণ্য।

কেএসকে

আরও পড়ুন