ভিডিও ENG
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

ইনস্টাগ্রামে কারো ‘ক্লোজ ফ্রেন্ড’ থাকতে না চাইলে যা করবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০২:৪৪ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

‘ক্লোজ ফ্রেন্ড’ ফিচার ইনস্টাগ্রামে বেশ জনপ্রিয় একটি ফিচার। চাইলে আপনার প্রিয় বন্ধুদের এই তালিকায় রাখতে পারেন। কিন্তু কেউ যদি আপনার এই তালিকায় থাকতে না চায়, কিংবা আপনি কারো ‘ক্লোজ ফ্রেন্ড’ তালিকায় থাকতে চান না তাহলে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আগে এই সুবিধা ছিল না। নতুন ফিচার আনতে যাচ্ছে ইনস্টাগ্রাম।

ইনস্টাগ্রাম শিগগিরই এমন একটি ফিচার আনতে পারে, যা ডিজিটাল সম্পর্কের সীমানা আরও পরিষ্কার করে দেবে। মেটা এমন এক নতুন অপশনের ওপর কাজ করছে, যার মাধ্যমে ইউজাররা চাইলে অন্য কারো ‘ক্লোজ ফ্রেন্ড’ তালিকা থেকে নিজেই বেরিয়ে যেতে পারবেন। এখন পর্যন্ত কেউ আপনাকে তার ক্লোজ ফ্রেন্ডে যুক্ত করলে, তা থেকে সরাসরি বেরিয়ে আসার কোনো উপায় ছিল না।

২০১৮ সালে চালু হওয়া ইনস্টাগ্রামের ‘ক্লোজ ফ্রেন্ড’ ফিচারটি মূলত ব্যক্তিগত মুহূর্ত, স্টোরি বা রিল কেবল নির্দিষ্ট কিছু মানুষের সঙ্গে শেয়ার করার সুযোগ করে দেয়। সময়ের সঙ্গে সঙ্গে এই ফিচার ঘনিষ্ঠতা ও বিশ্বাসের প্রতীক হয়ে ওঠে। তবে বাস্তবে অনেক ক্ষেত্রেই বিষয়টি অস্বস্তিকর হয়ে দাঁড়ায়। অফিসের সহকর্মী, দূরের পরিচিত বা এমন কেউ যার সঙ্গে অতটা ঘনিষ্ঠতা নেই হঠাৎ ক্লোজ ফ্রেন্ড লিস্টে ঢুকে পড়লে অনেকেই বিব্রত বোধ করেন।

ইনস্টাগ্রাম এখন এমন একটি অপশন তৈরি করছে, যেখানে ইউজাররা নীরবে নয়, বরং সরাসরি কারো ক্লোজ ফ্রেন্ডস তালিকা থেকে নিজেদের সরিয়ে নিতে পারবেন। জনপ্রিয় টিপস্টার আলেসান্দ্রো পালুজ্জি অ্যাপের কোডে এই ফিচারের প্রাথমিক সংস্করণের সন্ধান পেয়েছেন। সেখানে উল্লেখ আছে, একবার কেউ ক্লোজ ফ্রেন্ড তালিকা থেকে বেরিয়ে গেলে, পরবর্তীতে ওই ব্যক্তির কনটেন্ট দেখতে চাইলে আবার নতুন করে অ্যাড হতে হবে।

ফিচারটি দেখতে ছোট মনে হলেও এর প্রভাব বেশ গুরুত্বপূর্ণ। একদিকে ‘ক্লোজ ফ্রেন্ড’ তালিকা অনেকের কাছে আবেগ ও আস্থার জায়গা সেখানে কাউকে বেরিয়ে যেতে দেখা অস্বস্তিকরও লাগতে পারে। আবার অন্যদিকে, বহু ইউজার এই নিয়ন্ত্রণকে স্বাগত জানাবেন। কারণ সবাই সব ধরনের ডিজিটাল ঘনিষ্ঠতার জন্য মানসিকভাবে প্রস্তুত নন।

মজার বিষয় হলো, স্ন্যাপচ্যাটের মতো প্ল্যাটফর্মে এই সুবিধা আগেই রয়েছে। সেখানে ইউজাররা চাইলে সহজেই প্রাইভেট স্টোরি থেকে নিজেদের সরিয়ে নিতে পারেন। সেই তুলনায় ইনস্টাগ্রাম এতদিন কিছুটা পিছিয়েই ছিল।

মেটা জানিয়েছে, এই ফিচারটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এখনো পাবলিক টেস্টিং শুরু হয়নি। ফলে এটি কবে আসবে, আদৌ আসবে কি না তা নিশ্চিত নয়। তবে একটা বিষয় পরিষ্কার, ইনস্টাগ্রাম ধীরে ধীরে ইউজারের প্রাইভেসি ও কন্ট্রোল বাড়ানোর দিকেই এগোচ্ছে। ভবিষ্যতে সোশ্যাল মিডিয়ায় আপনি কার সঙ্গে কতটা যুক্ত থাকবেন, সেই সিদ্ধান্ত আরও বেশি আপনার হাতেই থাকতে পারে।

সূত্র: টেকক্রাঞ্চ

আরও পড়ুন
ইনস্টাগ্রামে আসছে নতুন এআই ফিচার, যেসব সুবিধা পাবেন
ইনস্টাগ্রামে আপনার ব্যক্তিগত তথ্য ফাঁস হলো কি না জানবেন যেভাবে 

কেএসকে

আরও পড়ুন