ভিডিও ENG
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

৩১০ গ্রাম ওজনের দারুণ স্টাইলিশ হেডফোন আনলো নাথিং

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০২:৪৪ পিএম, ১৪ মার্চ ২০২৬

যুক্তরাজ্যভিত্তিক প্রযুক্তি ব্র্যান্ড নাথিং তাদের নতুন ওভার-ইয়ার হেডফোন নাথিং হেডফোন (এ) বিশ্ববাজারে উন্মোচন করেছে। কোম্পানির অডিও পণ্যের তালিকায় এটি দ্বিতীয় ওভার-ইয়ার মডেল।

নতুন হেডফোনটির ওজন মাত্র ৩১০ গ্রাম। দীর্ঘ সময় ব্যবহারেও যেন অস্বস্তি না হয়, সে জন্য এতে শ্বাস-প্রশ্বাসযোগ্য মেমরি ফোম ইয়ার কুশন ব্যবহার করা হয়েছে। ডিজাইনে ব্র্যান্ডের পরিচিত স্বচ্ছ ও শিল্পঘেঁষা নান্দনিকতা বজায় রাখা হয়েছে, যা নাথিংয়ের পণ্যের অন্যতম বৈশিষ্ট্য।

ডিভাইসটিতে রয়েছে অ্যাডাপ্টিভ অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন প্রযুক্তি। এর মাধ্যমে আশপাশের পরিবেশ অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে শব্দ নিয়ন্ত্রণের মাত্রা পরিবর্তন হয়। ফলে ব্যস্ত পরিবেশেও ব্যবহারকারী তুলনামূলক পরিষ্কার অডিও শুনতে পারেন।

কলের সময় শব্দ পরিষ্কার রাখতে এতে তিনটি মাইক্রোফোন সমন্বিত এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন সিস্টেম ব্যবহার করা হয়েছে। এই প্রযুক্তি ব্যবহারকারীর কণ্ঠ আলাদা করে ধরে এবং পেছনের অপ্রয়োজনীয় শব্দ কমিয়ে দেয়। পাশাপাশি এতে স্ট্যাটিক স্পেশিয়াল অডিও সুবিধাও রয়েছে, যা চারপাশ ঘিরে থাকা শব্দের অনুভূতি তৈরি করে অডিও অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে।

হেডফোনটির ইয়ারকাপে সরাসরি ফিজিক্যাল কন্ট্রোল দেওয়া হয়েছে। এতে রোলার, প্যাডেল এবং আলাদা বোতাম রয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই ভলিউম পরিবর্তন, মিউজিক ট্র্যাক বদলানো বা বিভিন্ন মোডে সুইচ করতে পারবেন। দ্রুত অ্যাপ বা ফাংশন পরিবর্তনের জন্য এতে বিশেষ চ্যানেল-হপ ফিচারও যুক্ত করা হয়েছে।

নতুন হেডফোনটির দাম যুক্তরাজ্যে প্রায় ১৪৯ পাউন্ড, যুক্তরাষ্ট্রে ১৯৯ ডলার এবং ইউরোপে ১৫৯ ইউরো নির্ধারণ করা হয়েছে। রঙের দিক থেকে ব্যবহারকারীরা কালো, সাদা, গোলাপি এবং হলুদ-এই চারটি বিকল্পের মধ্যে পছন্দ করতে পারবেন। ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট এবং নির্দিষ্ট খুচরা বিক্রেতার মাধ্যমে পণ্যটির প্রি-অর্ডার শুরু হয়েছে।

কেএসকে

আরও পড়ুন