বিনামূল্যে দুই মাস ইউটিউব প্রিমিয়াম ব্যবহার করার কৌশল জানুন
ছবি: সংগৃহীত
বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। বিনামূল্যে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এটি ব্যবহার করা যায়। তবে ভিডিও দেখার সময় বারবার বিজ্ঞাপন চলে আসা অনেক ব্যবহারকারীর জন্য বিরক্তিকর। এই সমস্যা থেকে মুক্তি দিতে বিশেষ সুবিধা নিয়ে এসেছে ইউটিউব। তা হচ্ছে প্রিমিয়াম ফিচার।
অর্থাৎ ইউটিউব প্রিমিয়াম ফিচার ব্যবহার করলে বিজ্ঞাপন ছাড়াই আপনি ভিডিও দেখতে পারবেন। তবে এর জন্য টাকা খরচ করতে হয় ব্যবহারকারীদের। এখন প্ল্যাটফর্মটি কিছু ব্যবহারকারীকে সীমিত সময়ের জন্য ইউটিউব প্রিমিয়াম ফ্রি ট্রায়াল অফার দিচ্ছে। এই অফারের মাধ্যমে নির্বাচিত ব্যবহারকারীরা প্রায় দুই মাস পর্যন্ত ইউটিউব প্রিমিয়াম বিনামূল্যে ব্যবহার করার সুযোগ পেতে পারেন।
যদি আপনার অ্যাকাউন্ট এই অফারের জন্য নির্বাচিত হয়, তাহলে সেটি সক্রিয় করে নিন। কাজটি খুব সহজ। প্রথমে ইউটিউব অ্যাপ খুলে আপনার প্রোফাইল আইকনে যান। সেখানে প্রিমিয়াম অপশন দেখতে পাবেন। সেই অপশনে ক্লিক করলে ট্রায়াল চালু করার নির্দেশনা দেখাবে এবং একটি পেমেন্ট পদ্ধতি যোগ করতে বলা হবে।
তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো ট্রায়াল চলাকালীন কোনো টাকা কাটা হয় না। আপনি চাইলে ট্রায়ালের মেয়াদ শেষ হওয়ার আগেই সাবস্ক্রিপশন বাতিল করতে পারেন। সে ক্ষেত্রে ভবিষ্যতে কোনো চার্জও দিতে হবে না।
এই ফ্রি ট্রায়াল সবার জন্য নয়। কোম্পানি নির্দিষ্ট কিছু ব্যবহারকারীকে লক্ষ্য করে এই অফার দিচ্ছে। সাধারণত যেসব ব্যবহারকারী আগে কখনও ইউটিউব প্রিমিয়াম ব্যবহার করেননি, তাদের এই সুবিধা পাওয়ার সম্ভাবনা বেশি। পুরোনো সাবস্ক্রাইবারদের ক্ষেত্রে এই অফার তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে। কিছু ক্ষেত্রে ডিভাইস বা ব্যবহারভেদেও ট্রায়ালের সময়সীমা ভিন্ন হতে পারে।
ইউটিউব প্রিমিয়াম-এর অন্যতম বড় সুবিধা হলো বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখা। এতে ভিডিও দেখার অভিজ্ঞতা অনেক বেশি স্বাচ্ছন্দ্যময় হয়। এছাড়াও ব্যবহারকারীরা ইউটিউব মিউজিকে বিজ্ঞাপন ছাড়া গান শুনতে পারেন।
আরও একটি গুরুত্বপূর্ণ ফিচার হলো ব্যাকগ্রাউন্ড প্লে। এই সুবিধায় ফোনের স্ক্রিন বন্ধ থাকলেও বা অন্য কোনো অ্যাপ ব্যবহার করলেও ভিডিও বা গান চালু থাকে।
প্রিমিয়াম ব্যবহারকারীরা ভিডিও বা পুরো প্লেলিস্ট ডাউনলোড করে রাখতে পারেন। পরে ইন্টারনেট ছাড়াই সেগুলো দেখা যায়। এছাড়া স্মার্ট ডাউনলোড ফিচার স্বয়ংক্রিয়ভাবে কিছু কনটেন্ট সংরক্ষণ করে রাখে, ফলে বারবার ডাউনলোড করার ঝামেলা থাকে না।
এছাড়াও উন্নত ভিডিও কোয়ালিটি, একাধিক ডিভাইসে একই জায়গা থেকে ভিডিও চালু করার সুবিধা এবং আরও কিছু অতিরিক্ত ফিচার প্রিমিয়াম সাবস্ক্রিপশনে অন্তর্ভুক্ত রয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
কেএসকে