ইউটিউব শর্টসে যুক্ত হলো এআই অ্যাভাটার ফিচার
ইউটিউব শর্টসে নতুন এআই-নির্ভর অ্যাভাটার ফিচার চালু করেছে
ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব তাদের শর্ট ভিডিও সেবা শর্টসে নতুন এআই-নির্ভর অ্যাভাটার ফিচার চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের চেহারা ও কণ্ঠ ব্যবহার করে ভার্চুয়াল ভিডিও তৈরি করতে পারবেন।
প্রতিষ্ঠানটি জানায়, এই ফিচারের মাধ্যমে কনটেন্ট নির্মাতারা তাদের ডিজিটাল পরিচয়ের ওপর আরও নিয়ন্ত্রণ পাবেন। একই সঙ্গে এআই দিয়ে তৈরি ভিডিওগুলোতে স্বচ্ছতা নিশ্চিত করতে বিশেষ লেবেল ও ওয়াটারমার্ক ব্যবহার করা হবে, যার মধ্যে রয়েছে সিন্থআইডি ও সিটুপিএ শনাক্তকারী।
এনগ্যাজেট এর প্রতিবেদন অনুযায়ি জানা যায়-নতুন ফিচারটি ব্যবহার করতে হলে ব্যবহারকারীদের ‘এআই প্লেগ্রাউন্ড’-এ গিয়ে লাইভ সেলফি ও কণ্ঠ রেকর্ড করতে হবে। এরপর তৈরি হবে একটি বাস্তবসম্মত ভার্চুয়াল অ্যাভাটার, যা পছন্দ অনুযায়ী পুনরায় তৈরি বা সংশোধন করা যাবে।
অ্যাভাটার তৈরির ক্ষেত্রে কিছু নির্দেশনাও দিয়েছে ইউটিউব। যেমন-ফোন চোখের সমতলে রাখা, পর্যাপ্ত আলো নিশ্চিত করা, শান্ত পরিবেশে থাকা এবং ফ্রেমে একা থাকা। এছাড়া এই ফিচার ব্যবহার করতে হলে ব্যবহারকারীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে এবং অ্যাকাউন্টের মালিক নিজেই হতে হবে।
অ্যাভাটার তৈরি হয়ে গেলে ব্যবহারকারী একটি টেক্সট নির্দেশনা দিয়ে সর্বোচ্চ ৮ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিও তৈরি করতে পারবেন। পাশাপাশি বিদ্যমান শর্টস ভিডিওতেও ‘রিমিক্স’ ও ‘রি-ইম্যাজিন’ অপশনের মাধ্যমে অ্যাভাটার যুক্ত করা যাবে।
ইউটিউব জানিয়েছে, ব্যবহারকারীরা চাইলে যেকোনো সময় তাদের অ্যাভাটার বা সংশ্লিষ্ট ভিডিও মুছে ফেলতে পারবেন। তবে কোনো ভিডিও মুছে ফেললেও অ্যাভাটার স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্ট থেকে মুছে যাবে না। এছাড়া টানা তিন বছর ব্যবহার না হলে অ্যাভাটার নিজে থেকেই মুছে যাবে।
প্রতিষ্ঠানটি আরও জানায়, নতুন এই অ্যাভাটার ফিচার ধাপে ধাপে বিশ্বব্যাপী চালু করা হবে। গত এক বছরে ইউটিউব প্ল্যাটফর্মে যুক্ত হওয়া কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নানা ফিচারের ধারাবাহিকতায় এটি যুক্ত হলো। এর মধ্যে রয়েছে কম রেজোলিউশনের ভিডিও স্বয়ংক্রিয়ভাবে উন্নত করা (আপস্কেলিং), নির্মাতাদের জন্য স্বয়ংক্রিয় সম্পাদনা সুবিধা এবং সার্চ ফলাফলে এআই-নির্ভর ক্যারোসেল প্রদর্শনের মতো আপডেট। এসব উদ্যোগ কনটেন্ট তৈরি ও ব্যবহার অভিজ্ঞতাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তুলবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
সূত্র: এনগ্যাজেট
শাহজালাল/কেএসকে