ভিডিও ENG
  1. Home/
  2. ভ্রমণ

মেডিকেল, শিক্ষা ও ইকো ট্যুরিজমে গুরুত্ব দিচ্ছে মালয়েশিয়া

ভ্রমণ ডেস্ক | প্রকাশিত: ০৩:০৯ পিএম, ০৭ এপ্রিল ২০২৬

ভ্রমণ মানেই শুধু ঘোরাঘুরি - এই ধারণা এখন বদলাচ্ছে দ্রুত। অনেকেই এখন চিকিৎসা, পড়াশোনা কিংবা প্রকৃতির কাছাকাছি থাকার অভিজ্ঞতাকে ভ্রমণের অংশ হিসেবে বেছে নিচ্ছেন। এই পরিবর্তিত প্রবণতাকেই গুরুত্ব দিয়ে নিজেদের পর্যটন খাত সাজাচ্ছে মালয়েশিয়া।

ভিজিট মালয়েশিয়া ২০২৬ - ক্যাম্পেইনকে সামনে রেখে বাংলাদেশে প্রচারণা জোরদার করেছে ট্যুরিজম মালয়েশিয়া। এর অংশ হিসেবে বন্দরনগরী চট্টগ্রামে ৬ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সেলস মিশন পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি রাজধানীতে আয়োজিত ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬-এও অংশ নিচ্ছে সংস্থাটি।

বিশ্বজুড়ে পর্যটকদের চাহিদার পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে মালয়েশিয়া এখন তিনটি খাতে বিশেষ গুরুত্ব দিচ্ছে - মেডিকেল ট্যুরিজম, শিক্ষা পর্যটন এবং ইকো-ট্যুরিজম। উন্নত চিকিৎসা সুবিধা, আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান এবং সমৃদ্ধ প্রাকৃতিক পরিবেশ - এই তিনটিকে একত্রে তুলে ধরেই দক্ষিণ এশিয়ার বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে চায় দেশটি।

চট্টগ্রামের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্যুরিজম মালয়েশিয়ার মহাপরিচালক মোহাম্মদ আমিরুল রিজাল আবদ রহমান জানান, বাংলাদেশের বাজার তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানকার কার্যক্রম সম্প্রসারণ এবং স্থানীয় অংশীদারদের সঙ্গে সমন্বয় বাড়িয়ে ‘ভিজিট মালয়েশিয়া ২০২৬’ ক্যাম্পেইন সফল করতে কাজ চলছে।

মেডিকেল, শিক্ষা ও ইকো ট্যুরিজমে গুরুত্ব দিচ্ছে মালয়েশিয়া

এবারের প্রতিনিধিদলে ছিলেন ট্যুরিজম মালয়েশিয়ার আন্তর্জাতিক প্রমোশন বিভাগের (এশিয়া ও আফ্রিকা) উপপরিচালক সোলেহউদ্দিন আহমদ। তার সঙ্গে ছিলেন জ্যেষ্ঠ পর্যটন কর্মকর্তা মো. রুজাইনি বিন মোহাম্মদ রাদজি, মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিল, এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিসেস, বিভিন্ন ট্যুর অপারেটর ও এয়ারলাইন্সের প্রতিনিধিরা।

পরিসংখ্যান বলছে, বাংলাদেশিদের আগ্রহ বাড়ছে মালয়েশিয়ার প্রতি। ২০২৫ সালে দেশটিতে আন্তর্জাতিক পর্যটক সংখ্যা ছিল ৪ কোটি ২১ লাখ ৯৬ হাজার ৮৯২ জন। এর মধ্যে বাংলাদেশি পর্যটকের সংখ্যা ২ লাখ ৮১ হাজার ৪৯২ - যা আগের বছরের তুলনায় ৮২ দশমিক ১ শতাংশ বেশি।

ভ্রমণ সহজ করতে বর্তমানে ঢাকা থেকে মালয়েশিয়ার বিভিন্ন গন্তব্যে প্রতি সপ্তাহে ৪১টি সরাসরি ফ্লাইট পরিচালিত হচ্ছে। এসব ফ্লাইটে মোট আসনসংখ্যা প্রায় ১১ হাজার ৩৪০। মালয়েশিয়া এয়ারলাইন্স, বাতিক এয়ার, এয়ারএশিয়া, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইউএস-বাংলা এয়ারলাইন্স এই রুটে নিয়মিত ফ্লাইট চালাচ্ছে।

এএমপি/এএসএম

আরও পড়ুন