জাতীয়

সাফিকুরের নিয়োগ বাতিল, বিমানের এমডির দায়িত্বে হুমায়রা

গৃহকর্মী নির্যাতনের ঘটনায় গ্রেফতার হওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সাফিকুর রহমানের নিয়োগ বাতিল করেছে সরকার। পরবর্তী এমডি নিয়োগ না হওয়া পর্যন্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিমান ও সিভিল এভিয়েশন) ড. হুমায়রা সুলতানাকে বিমানের এমডির দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয় থেকে অফিস আদেশ জারি করা হয়েছে। এতে বলা হয়, ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হয়ে কারাবন্দি থাকায় সাফিকুর রহমানের সঙ্গে সরকারের করা চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দক্ষ ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করার স্বার্থে পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত নতুন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

১১ বছর বয়সী এক গৃহকর্মীকে অমানবিক নির্যাতনের অভিযোগে গত ২ ফেব্রুয়ারি (সোমবার) দিনগত রাত সাড়ে ৩টার দিকে উত্তরার ৯ নম্বর সেক্টরের নিজ বাসা থেকে বিমানের এমডি সাফিকুর রহমান, তার স্ত্রী এবং আরও দুজনকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

আরএমএম/এমএএইচ/