‘এখন অনেকেই মাথায় টুপি রাখবে, পাঞ্জাবি পরবে। কিন্তু ভোটের পর আর এগুলো মাথায় থাকবে না। বিগত দিনে আমরা এগুলো দেখেছি। এই ৫৪ বছরে মানুষ অনেক ধোঁকা খেয়েছে। অনেক দল দেখছি আমরা। শুধু শেখ হাসিনার দলের কথা বললেই হবে না। জনগণ অনেক দল দেখেছে।’
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কামরাঙ্গীরচরের খালপাড় রোডে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি পথসভায় একথা বলেন ঢাকা-৭ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুর রহমান (হাতপাখা প্রতীক)।
তিনি বলেন, ‘সাধারণ মানুষ দেখেছে করোনার সময় আমরা অনুদান দিয়েছি, লাশ দাফন করেছি। সমস্ত মানুষের পাশে আমরা ছিলাম। ৫ আগস্টের পরে আমরা হিন্দুদের জান-মালের নিরাপত্তা দিয়েছি। বাংলাদেশের সব দল ইসলামী আন্দোলন বাংলাদেশের কাছে নিরাপদ।
‘আপনারা জানেন এই কামরাঙ্গীরচরে অনেক সমস্যা। অনেকেই প্রতিশ্রুতি দিচ্ছেন। আল্লাহ যদি নির্বাচিত করে তাহলে ইনশাআল্লাহ কামরাঙ্গীরচরের আর কোনো সমস্যা থাকবে না।’
এই প্রার্থী আরও বলেন, ‘আমরা ক্ষমতায় যেতে চাই না, এমপি-মন্ত্রী হতে চাই না। আমরা ইসলামকে ক্ষমতায় নিয়ে যেতে চাই, ইসলামকে সংসদে নিয়ে যেতে চাই। ইসলাম যদি ক্ষমতায় আসে কোনো জনদুর্ভোগ-অশান্তি থাকবে না।’
এনএস/এএসএ