শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আলহাজ্ব নুরুজ্জামান বাদলের প্রথম জানাজা বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে।
দুপুরে শেরপুর শহীদ দারোগ আলী পৌর পার্ক সংলগ্ন পৌর ঈদগাহ মাঠে তার প্রথম জানাজা ও বিকেল পাঁচটায় শ্রীবরদী সরকারি কলেজ মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান জানান, আলহাজ্ব নুরুজ্জামান বাদল দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিডনি প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু নির্বাচনকে সামনে রেখে তিনি ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে প্রতিদিন ডায়ালাইসিস করতেন। মঙ্গলবার রাতে সমস্যা বেড়ে যায়। পরে রাত সাড়ে দশটার দিকে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আলহাজ্ব নুরুজ্জামান বাদল ইন্তেকাল করেন।
এদিকে তার মৃত্যুতে জেলা বিএনপির সাবেক সভাপতি ও একই আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল, জাতীয় নাগরিক পার্টি এনসিপির জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার লিখন মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার আহ্বায়ক মোর্শেদ জিতু, আমার বাংলাদেশ এবি পার্টির সেক্রেটারি মুকছেদুল ইসলাম হীরা, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা শফিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন। এছাড়া দলীয় নেতাকর্মীদের মাঝেও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মো. নাঈম ইসলাম/এফএ/এমএস