দেশজুড়ে

বিএনপিতে যোগ দিলেন খেলাফত মজলিসের অর্ধশতাধিক নেতাকর্মী

গাজীপুরের শ্রীপুরে খেলাফত মজলিসের শ্রীপুর উপজেলা শাখার সভাপতি আব্দুস ছাত্তারের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার বরমী বাজারের বরমী জামিয়া আনওয়ারীয়া মাদরাসার হলরুমে কেন্দ্রীয় বিএনপির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর হাতে ফুল দিয়ে তারা বিএনপিতে যোগদান করেন।

তাদের মধ্যে, খেলাফত মজলিস শ্রীপুর উপজেলা শাখার সভাপতি আব্দুস ছাত্তার, উপজেলার সিনিয়র সহসভাপতি মোশাররফ হোসেন, বরমী আনওয়ারীয়া মাদরাসার মোহতামিম মুফতি আশেকে মোস্তফা, খেলাফত মজলিসের সদস্য ইকবাল হোসেন প্রমুখ রয়েছেন।

খেলাফত মজলিসের শ্রীপুর উপজেলা শাখার সভাপতি আব্দুস ছাত্তার বলেন, দীর্ঘ লড়াই আন্দোলন রক্তের বিনিময়ে স্বৈরাচার বিদায় হয়েছে। আমাদের আশার প্রতিফলন হয়নি। যারা ইসলামী রাষ্ট্র কায়েমের কথা বলছে আসলে তার এর ধারে কাছেও নেই। তুলনামূলকভাবে আলেম সমাজকে সবচেয়ে বেশি সম্মান দেয় বিএনপি। তাই আজ অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপির পতাকাতলে সামিল হলাম।

অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, খেলাফত মজলিসের উপজেলা শাখার সভাপতির নেতৃত্বে অর্ধশতাধিক আলেম বিএনপিতে যোগদান করেছেন। এটি সত্যিই আনন্দের। বিগত সরকারের সময় সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আলেম সমাজ। বিএনপি বিজয়ী হলে সবচেয়ে সম্মানিত হবেন আলেম সমাজ।

যোগদান অনুষ্ঠানে বিএনপির শ্রীপুর উপজেলা শাখা ও পৌর শাখার নেতারা উপস্থিত ছিলেন।

মো. আমিনুল ইসলাম/এএইচ/জেআইএম