আসন্ন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে জনসমর্থনের চিত্র আশাব্যঞ্জক বলে মন্তব্য করেছেন দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। তিনি বলেন, ‘বিজয়ের মালিক আল্লাহ। কিন্তু ভাব তো ভালো দেখেছি।’
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল কবরস্থান মসজিদ প্রাঙ্গণে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা-৫ আসনে নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন। ঢাকা-৫ আসনের ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী হাজি মো. ইবরাহীমের পক্ষে এ জনসভা হয়।
ইসলামী আন্দোলনের আমির বলেন, আমি সারাদেশে সফর করার পর যতটুকু দেখছি, আলহামদুলিল্লাহ। সব শ্রেণির, সব পেশা, সব মহলের আমার ভাইবোনরা, আমার মা-বোনেরা, আমার ভাইরা, আমার মুরুব্বিরা, আমার যুবকরা, আমার ছাত্ররা— সবাই হাতপাখা প্রতীকের পক্ষে আন্তরিকভাবে আজকে মাঠে নেমেছেন।
বিজয়ের মালিক আল্লাহ। কিন্তু ভাব তো ভালো দেখেছি। সেই হিসেবে আমি দেখছি ঢাকা-৫ আসন, আমি যতটুকু সংবাদ পেয়েছি, আল্লাহর রহমতে ১২ ফেব্রুয়ারি নির্বাচনে, আল্লাহর রহমতে আপনাদের আকাঙ্ক্ষিত, আপনাদের প্রিয় নেতা ইবরাহীমের আল্লাহর ফজলে বিজয় হবে বলেন রেজাউল করীম।
পীর সাহেব চরমোনাই আরও বলেন, আমি বলব যে বাংলাদেশে এখন ইসলামের পক্ষে একটাই দল, যেই দলটার নাম হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। তার প্রতীক হলো হাতপাখা।
তিনি বলেন, হাজি ইবরাহীম আপনাদের এলাকারই সন্তান। এখানে দুবার তিনি জনপ্রতিনিধি ছিলেন। তার ব্যাপারে নতুনভাবে আলোচনা করে আপনাদের কি বোঝাবো। তবে আমি যতটুকু জেনেছি, আমি যতটুকু দেখছি, ইব্রাহিম ভালো। আপনাদের কি মত?'
প্রার্থী হাজি মো. ইবরাহীম বলেন, গত ৫৪ বছরে ১২টি নির্বাচনে এই অঞ্চল থেকে বহু জনপ্রতিনিধি নির্বাচিত হলেও ডেমরা, যাত্রাবাড়ী ও কদমতলীর মানুষের ভাগ্যের প্রকৃত পরিবর্তন হয়নি। চাঁদাবাজি, জুলুম, লুটতরাজ, জমি দখল ও দুর্নীতির কারণে এ অঞ্চলের মানুষ আজ নাভিশ্বাস ফেলছে।
তাই কেবল ব্যক্তি পরিবর্তন নয়, বরং নীতি ও আদর্শের মৌলিক পরিবর্তনের জন্য হাতপাখায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, নির্বাচিত হলে ডেমরা-যাত্রাবাড়ী অঞ্চলের চাঁদাবাজি চিরতরে দাফন করা হবে। বাড়িঘর নির্মাণে কাউকে চাঁদা দিতে হবে না, সরকারি অফিসে ঘুস দিতে হবে না। গ্যাস সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। তরুণদের কর্মসংস্থানের জন্য উদ্যোক্তা প্রশিক্ষণ কেন্দ্র ও স্কিল ডেভেলপমেন্ট সেন্টার গড়ে তোলা হবে। নারী ও প্রবীণদের জন্য বিশেষ উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করা হবে। অবকাঠামোগত উন্নয়নে শতভাগ গুণগত মান নিশ্চিত করা হবে এবং প্রশাসনকে দলীয় প্রভাব ও দুর্বৃত্তায়নমুক্ত করে সুশাসন প্রতিষ্ঠা করা হবে।
জনসভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মুফতি রেজাউল করিম আবরার, শহিদুল ইসলাম, ঢাকা-৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আলতাফ হোসেনসহ স্থানীয় নেতারা।
আরএমএম/এমআইএইচএস