দেশজুড়ে

জামায়াতের অতীতের রেকর্ড খারাপ, তাদের যোগ্যতাসম্পন্ন লোক নেই

ফেনী-৩ আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, জামায়াত নির্বাচনে একবার সুযোগ চাচ্ছে। তাদেরকে সুযোগ দিলে দেশ ধ্বংস হয়ে যাবে। কারণ তাদের অতীতের রেকর্ড খারাপ। তাদের যোগ্যতাসম্পন্ন কোনো লোক নেই।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ধানের শীষ প্রতীকের সমর্থনে দাগনভূঞা পৌর শহরে গণমিছিল পূর্ব সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আবদুল আউয়াল মিন্টুর সমর্থনে গণমিছিল শহরের আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুল মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে নেতৃত্ব দেন ধানের শীষের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু। দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের সার্বিক তত্ত্বাবধানে গণমিছিলে উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুল উদ্দিন, ছাত্রবিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া হুদন, রাজাপুর ইউনিয়ন বিএনপির নেতা মো. বাকি বিল্লাহসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আবদুল্লাহ আল-মামুন/এসআর/জেআইএম