তারুণ্যের স্বপ্ন ও চাহিদাকে মাথায় রেখে কাজ করার অঙ্গীকার জানিয়েছেন ফেনী-২ আসনে ১১ দলীয় ঐক্য মনোনীত প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ফেনীর গ্র্যান্ড সুলতান কনভেনশন সেন্টারে ‘তারুণ্যের ভাবনায় সংস্কার’ শীর্ষক মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এমন অঙ্গীকারের কথা জানান।
তরুণ সংগঠকদের ভাবনা, দায়িত্ব ও করণীয় নিয়ে নানা প্রশ্নের জবাব দেন তিনি। এসময় তিনি ফেনীর উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে সমস্যা-সমাধানের জন্য সবার সহযোগিতা কামনা করেন। জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে ফেনীর তারুণ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন মঞ্জু।
অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট সার্ক রিজিয়নের ডেপুটি কো-অর্ডিনেটর হাসান মাহমুদ, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত ও নিউজ সিভিএম ডটকমের সম্পাদক দিদারুল আলম মজুমদার বক্তব্য দেন। এতে স্বাগত বক্তব্য আয়োজক কমিটির আহবায়ক মুহাইমিন তাজিম।
এছাড়া ফেনীতে দীর্ঘদিন ধরে কাজ করা কয়েকশো তরুণ মতবিনিময়ে অংশ নেন। ১১ দলীয় ঐক্যের বিভিন্ন শরিক রাজনৈতিক দলের নেতারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এর আগে সকালে ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নে গণসংযোগ করেন মজিবুর রহমান মঞ্জু। সংসদ সদস্য নির্বাচিত হলে দীর্ঘদিন বঞ্চিতদের অধিকার রক্ষা করার আশ্বাস দেন তিনি।
মজিবুর রহমান মঞ্জু বলেন, আমাদের দেশে অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান এ পাঁচটা অধিকার সবাই সমানভাবে ভোগ করতে পারে না। আমরা চাই এই পাঁচটা অধিকার সবাই সমানভাবে ভোগ করুক। এ পাঁচটা বিষয়ের নিশ্চয়তার জন্য আমাদের কাজ করতে হবে। অধিকার বঞ্চিতদের অধিকার রক্ষা করতে আমরা বদ্ধপরিকর।
মঞ্জু বলেন, সবাই তো কাজ করবে না, করতে পারবেও না। যারা কাজ করবে তাদেরকে দায়িত্ব দিলে কাঙ্ক্ষিত সেবা পাবেন। রাষ্ট্রের পর্যাপ্ত ব্যবস্থা আছে জানিয়ে তিনি বলেন, যার ঘর নেই তার জন্য রাষ্ট্র থেকে ঘরের ব্যবস্থা করা হয়। যার খাবার নেই তার জন্য রেশন ও বিভিন্ন খাবারের ব্যবস্থা করা হয়। এরপরও অভাব দূর হয় না কেন? দূর হয় না মূলত দুর্নীতির কারণে। সরকার ৫ লাখ দিলে ৩ লাখ মেরে দেয়। ঘর করতে গিয়েও অর্ধেক টাকা মেরে দেওয়া হয়। আমরা চাই দুর্নীতিমুক্ত প্রতিনিধির মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হোক।
তিনি বলেন, যাকে ভোট দিলে দুর্নীতি চাঁদাবাজি বন্ধ হবে, সঠিক বণ্টন হবে তাদের সুযোগ দিবেন, বিবেচনা করবেন। আমরা ওয়াদা দিচ্ছি যে আমরা কারো হক মেরে খাবো না। বরং যারা অধিকার বঞ্চিত তাদের অধিকারটা আমরা রক্ষা করবো।
ছনুয়াতে গণসংযোগকালে জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, প্রচার সম্পাদক আ ন ম আবদুর রহিম, এবি পার্টির জেলা সদস্য সচিব ফজলুল হক, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইমরান, সেক্রেটারি আবদুল্লাহ আল মামুনসহ জামায়াতে ইসলামী, এবি পার্টি ও এনসিপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আবদুল্লাহ আল-মামুন/আরএইচ/জেআইএম