নোয়াখালী-৩ আসনের বেগমগঞ্জে দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় বিএনপি কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযান উঠেছে। এতে জামায়াত-এনসিপির সাত নেতাকর্মী আহত হয়েছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে আলাইয়ারপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কাজী বাড়ির দরজায় এ ঘটনা ঘটে।
বেগমগঞ্জ উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি জাকির হোসেন অভিযোগ করে বলেন, বিকেলে দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণাকালে বিএনপির কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায়।
হামলায় এনসিপির জেলা জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হাবিব উল্লাহ(২৭), দাঁড়িপাল্লার কর্মী জাহিদ (১৯), হৃদয় (২৭), অনিক (১৯), অপূর্ব (১৯) , সাইফ (১৮) ও নজরুল ইসলাম সাগর (২৫) আহত হয়েছেন।
আহত এনসিপি কর্মী জাহিদকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস জাগো নিউজকে বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। খোঁজ নিয়ে পরে জানানো হবে।’
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জামায়াতের পক্ষ থেকে অভিযোগ দেওয়ার কথা রয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
ইকবাল হোসেন মজনু/এসআর