ঢাকা–১৭ আসনে বিএনপির নির্বাচনি কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদেরকে কঠোরভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও এই আসনে দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালাম। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে যে ভোটাধিকারের জন্য লড়াই চলছে, সেই লড়াইয়ের ফল ভালো হবে না খারাপ হবে এটা এখন পুরোপুরি নির্ভর করছে মাঠপর্যায়ের কর্মীদের দায়িত্ব পালনের ওপর।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীর টাকা-১৭ আসনের নির্বাচনি প্রধান কার্যালয়ে এক প্রশিক্ষণ সভায় তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম বলেন, এই ভোটের জন্য বহু নেতাকর্মী জেল খেটেছেন, বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন। সেই ত্যাগের ফল ঘরে তুলতে হলে ভোটের দিন ও তার আগের প্রস্তুতিতে কোনো গাফিলতি করা যাবে না। সবাই তারেক রহমানের প্রতিনিধি হিসেবে মাঠে কাজ করছেন এবং সেই দায়িত্ববোধ নিয়েই কাজ করতে হবে।
ভোটকেন্দ্রভিত্তিক প্রস্তুতির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, কেন্দ্র অনুযায়ী ভোটার তালিকা ভাগ করে প্রত্যেক বাড়িতে গিয়ে ভোটারদের চেনা জরুরি। এতে করে কেউ মৃত ব্যক্তির নামে ভোট দিতে এলে বা অনুপস্থিত ভোটার নিয়ে অনিয়মের চেষ্টা হলে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ ও চ্যালেঞ্জ করা সম্ভব হবে। কোন ভোটার মারা গেছেন, কে দেশে নেই বা দীর্ঘদিন এলাকায় বসবাস করছেন না এসব তথ্য আগেই চিহ্নিত করে রাখার নির্দেশ দেন তিনি।
ভোটের দিন কোনো অবস্থাতেই পোলিং বুথ খালি রাখা যাবে না বলে নির্দেশনা দেন আবদুস সালাম। তিনি বলেন, দায়িত্বপ্রাপ্ত কেউ প্রয়োজনে বাইরে গেলে অবশ্যই অন্য জনকে দায়িত্ব দিয়ে যেতে হবে। প্রতিটি কেন্দ্রে একাধিক দায়িত্বশীল ও স্ট্যান্ডবাই কর্মী রাখার বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রয়োজনীয় কাগজপত্র, কলম, কালি ও অন্যান্য সরঞ্জাম সংশ্লিষ্ট দপ্তর থেকে সরবরাহ করা হবে। ভোটের দিনের জন্য আলাদা ভোটার তালিকাও দেওয়া হবে।
বাকি সময় গণসংযোগে কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, দায়িত্বে থাকা ভোটারদের সঙ্গে বারবার যোগাযোগ রাখতে হবে এবং তাদের সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে।
প্রশিক্ষণে অংশ নেওয়া নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে আবদুস সালাম বলেন, প্রশিক্ষণ মাঠে কাজে লাগলে ইনশা আল্লাহ প্রত্যাশিত ফল অর্জন করা সম্ভব।
কেএইচ/এমআইএইচএস