ফরিদপুর-১ আসনে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রাম এলাকার নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে দোলন অভিযোগ করে বলেন, সংবিধান ও নির্বাচনী আইনের সব শর্ত পূরণ করেও একটি পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার হচ্ছি। ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করার সাহস না পেয়ে একটি মহল আদালত ও প্রশাসনিক প্রক্রিয়াকে ব্যবহার করে নির্বাচনি ময়দান থেকে আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, অন্য প্রার্থীদের ক্ষেত্রে আদালতের আদেশের লিখিত কপি দ্রুত সরবরাহ করা হলেও আমার ক্ষেত্রে সেই কাগজ ইচ্ছাকৃতভাবে আটকে রাখা হয়েছে। এর মাধ্যমে ফরিদপুর-১ আসনে ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার উৎসাহ নষ্টের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
এন কে বি নয়ন/এএইচ/এএসএম