ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর মহানগর এলাকার সব শুটিং স্পট ও রিসোর্ট চার দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে জিএমপি এ-সংক্রান্ত গণবিজ্ঞপ্তিত জারি করে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন জিএমপি কমিশনার মোহা. ইসরাইল হাওলাদার।
পুলিশ কমিশনার সই করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুলিশ আইন ২০১৮-এর ৩১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ১০ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে ১৪ ফেব্রুয়ারি দুপুর ১২টা পর্যন্ত গাজীপুর মহানগরীর নির্বাচনি এলাকায় অবস্থিত সব শুটিং স্পট, রিসোর্ট ও বিনোদনকেন্দ্র বন্ধ রাখতে হবে।
এতে আরও বলা হয়, উল্লিখিত সময়ের মধ্যে এসব স্থাপনায় যে কোনো ধরনের কার্যক্রম ও জনসমাগম সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, গাজীপুরের বিভিন্ন এলাকায় তিন শতাধিক রিসোর্ট, শুটিং স্পট ও পিকনিক স্পট রয়েছে।
আমিনুল ইসলাম/এসআর/এএসএম