সদ্যঘোষিত একুশে পদকে সম্মাননা পেতে যাচ্ছেন তরুণ নৃত্যশিল্পী অর্থী আহমেদ। তার এই প্রাপ্তি ঘিরে অনলাইন ও অফলাইনে চলছে কানাঘুষা, এমনকি কটূক্তিও করছেন কেউ কেউ। অনেকে প্রশ্ন তুলেছেন, শিল্পকলা পদক পাওয়ার আগেই কীভাবে একুশে পদক পান একজন শিল্পী? কিংবা জ্যেষ্ঠদের টপকে কীভাবে সম্মাননা পান কনিষ্ঠরা? শিষ্যর ‘রাষ্ট্রীয় সম্মান’ নিয়ে কটূক্তির বিপরীতে বিবৃতি দিয়েছেন গুরু লুবনা মারিয়াম।
একটি লিখিত বিবৃতি জাগো নিউজকে পাঠিয়েছেন নৃত্যশিল্পী, গবেষক ও সংগঠক লুবনা মারিয়াম। সেখানে তিনি লিখেছেন, ‘পুরস্কার এক ধরনের স্বীকৃতি। সেটা যোগ্যদের তরুণ বয়সেই দেওয়া উচিত, যেন তাদের মধ্যে কর্মস্পৃহা, দায়িত্ববোধ, উদ্যম বাড়ে আর কাজের ক্ষেত্র আরো প্রশস্ত হয়। প্রবীণ বয়সে একজন শিল্পীর জীবনে এ ধরনের স্বীকৃতি কতটাই বা প্রভাব ফেলতে পারে? প্রচলিত ধারায় এই পদক সাধারণত প্রবীণ শিল্পীদের প্রাপ্য।’
সরকারের সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেছেন, ‘সরকার যদি সিদ্ধান্ত নেয় যে, নবীন শিল্পী, যারা ভালো কাজ করেন, তাদের পুরস্কৃত করবে, তাহলে শিল্পীকে কেন দোষারোপ করা হচ্ছে! একুশে পদক দেওয়ার প্রক্রিয়াটি এককভাবে কারো হাতে থাকে না। অন্তত ১০/১২ জন সচিব, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মহাপরিচালক ও আরো অনেকে মিলে এই সিদ্ধান্ত নেন।’
অর্থী আহমেদ প্রসঙ্গে লুবনা মারিয়াম বলেন, ‘আমি দেখতে পাচ্ছি, আমার শিষ্য ও সহকর্মী অর্থী আহমেদের একুশে পদকপ্রাপ্তি নিয়ে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আমার ও আমার সতীর্থদের পদক না পাওয়াকে কেন্দ্র করে অর্থীর অর্জনকে ছোট করে দেখানোর চেষ্টা করছেন। এটা আমাদের সকলের জন্যই খুব দুঃখজনক।’
এ বিতর্ক প্রসঙ্গে একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি নৃত্যশিল্পী শিবলী মহম্মদ জাগো নিউজকে বলেন, ‘একুশে পদক একটা সম্মান। দীর্ঘ সময় ধরে ভালো ভালো কাজ করলে একসময় নিশ্চয়ই শিল্পীর এই সম্মান পাওয়া উচিত। নিজ নিজ ক্ষেত্রে একটা দীর্ঘ জার্নির পর, দেশের শিল্পাঙ্গনে উল্লেখযোগ্য অবদান রাখার পর শিল্পীকে এই সম্মান দেয় রাষ্ট্র। সেই জার্নিতে একজন শিল্পীকে বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালির হৃদয়ে পৌঁছাতে হয়।’
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ভরতনাট্যমে স্নাতক-স্নাতকোত্তর করেছেন অর্থী আহমেদ। ভারতের হায়দরাবাদ, বেনারস, মুম্বাই, বেঙ্গালুরু, দিল্লি, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, পশ্চিম ভার্জিনিয়াসহ আরও বেশ কিছু মঞ্চে ভরতনাট্যম পরিবেশনা করেছেন তিনি। ২০২২ সালে তিনি ঢাকায় শুরু করেন নিজের নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান ‘অর্থী আহমেদ ড্যান্স একাডেমি’।
আরএমডি